কেবল টিভি ব্যবসায়ী দীপু হত্যায় ৯ জনের যাবজ্জীবন
দুই যুগ আগে রাজধানীর মিরপুরে কেবল টিভি ব্যবসায়ী দেওয়ান কামাল পাশা ওরফে দীপু (২৩) হত্যা মামলায় নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নাছিম, আব্দুল মালেক ওরফে কানা মালেক, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন ওরফে সেন্টু, জোহরা হক, ইয়াছিন, আবুল হাসেম, দুলাল ড্রাইভার ও মো. সেলিম।
আসাদের মধ্যে শুধু নাছিম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
রায় ঘোষণার পর নাছিমকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। আর পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন বিচারক।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. মাহবুবুর রহমান বলেন, আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
রায়ের বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ১৩ জানুয়ারি রাতে মিরপুরের দ্বিতীয় কলোনি মাজার রোডের মজিবর রহমানের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
ওইদিন রাতে দোকানের সামনে বন্ধু আলী হোসেন ও শুভর সঙ্গে বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলছিলেন দীপু। রাত সাড়ে ৮টার দিকে একটি অটোরিকশায় করে তিন অজ্ঞাতপরিচয় যুবক সেখানে এসে দীপুর বুকে আঘাত করে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় দীপুর বাবা দেওয়ান আব্দুর রহমান মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের পর সিআইডির পরিদর্শক মো. নাসির উদ্দিন পাইক ২০০৩ সালের ২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলাটি ২০০৫ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ওই বছরের ১৫ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।
পরে নয়জনের সাক্ষ্যগ্রহণ চলার সময় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী নির্ধারিত কার্যদিবস শেষ হওয়ায় পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসে মামলাটি। সেখানে আরও ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়।
এরপর আবার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলে ট্রাইব্যুনাল অবশিষ্ট বিচার শেষে রায় ঘোষণা করে।
