২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক পেইজ খুলে প্রতারণায় দুই যুবক গ্রেপ্তার

ফেইসবুক পেইজ খুলে প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2020, 09:05 PM

Updated : 08 Apr 2022, 12:20 AM

গ্রেপ্তাররা হলেন- মো. মেহেদী হাসান ফরহাদ (২২) ও আমির হামজা (২৩)।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদীকে গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থেকে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র হামজাকে রোববার কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি কর্মকর্তারা জানান।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিমের সহকারী পুলিশ সুপার মোমেনা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেদী হাসান নিজের নাম ব্যবহার না করে ইমরান হোসেইন নামে একটি ফেইসবুক আইডি খুলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়, পরীক্ষার ফল পরিবর্তন করে এ প্লাসকে ‘গোল্ডেন এ প্লাস’ করা হয় মর্মে পোস্ট দেন। এরপর বিকাশের মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি।

আর আমির হামজা নিজের নামেই একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ‘মিস্টার টপ আপ বিডি’ নামে একটি পেইজ খুলে অনলাইন গেইমে ‘ওয়েবমানি’ দেওয়ার লোভনীয় প্রস্তাব দেন।এরপর আগ্রহীরা যোগাযোগ করলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, সিআইডি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই দুইজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরপরই তারা ‘দোষ স্বীকার’ করে।

ঘটনার বিস্তারিত জানতে আমির হামজাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।