রংপুরের যুবকের করোনাভাইরাসের উপসর্গ নেই: আইইডিসিআর
চীনফেরত যে যুবককে রংপুর থেকে ঢাকায় এনে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে, তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ নেই বলে জানিয়েছে আইইডিসিআর।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ওই যুবককে ‘কোয়ারেন্টিন’ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে।
“তার মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ-উপসর্গ নেই। এখন পর্যন্ত যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তাতে তার শ্বাসতন্ত্রেরই কোনো সমস্যা পাওয়া যায়নি।”
ওই রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, “তার বেশি সমস্যা হচ্ছে দুটি পায়ে। ব্যথার কারণে হাঁটতে অসুবিধা হচ্ছিল। গতকাল থেকে আজকে তার অবস্থা অনেক ভালো। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন।”
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
এ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে আইইডিসিআরের পরিচালক সংবাদকর্মীদের বলেন, রোগী সামাজিকভাবে হেয় হয় এমন তথ্য প্রচার করা ঠিক নয়।
“এটা খুবই স্পর্শকাতর বিষয়।… রোগীর নাম, ঠিকানা, ছবি এসব যেন আমরা প্রকাশ না করি। শুধু গণমাধ্যম কর্মী নয়, আমাদের যারা চিকিৎসক বা হাসপাতালে যারা কাজ করছেন, তাদেরও সচেতন হতে হবে। এটা আমাদের দিক থেকেও যেন না যায়।”
চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ার পর গত ছয় সপ্তাহে ১১৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে।
সিঙ্গাপুরপ্রবাসী এক বাংলাদেশির শরীরে সংক্রমণ ধরা পড়ায় গত রোববার তাকে নেওয়া হয়েছে আইসোলেশন ইউনিটে। তবে বাংলাদেশে কারও মধ্যে অথবা চীনে অবস্থানরত কোনো বাংলাদেশির মধ্যে এ ভাইরাস সংক্রমণের খবর আসেনি এখনও।
সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির চিকিৎসার খরচ সে দেশের সরকার বহন করছে জানিয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, সিঙ্গাপুরে বাংলাদেশ মিশন এ বিষয়ে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ রাখছে।
