যাত্রাবাড়ীতে ধর্ষণের আসামি জাকির ৩ দিনের রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ বছরের এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের মামলায় আসামি জাকির হোসেনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ রোববার এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার আসামিদের মধ্যে জাকিরকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সহযোগী মো. শান্ত, শাকিল আহমেদ শান্ত ও হানিফসহ অজ্ঞাতনামা বাকি আসামিদের ধরা যায়নি।
“তাদের গ্রেপ্তার করার পাশাপাশি ঘটনার বিষয়ে আরও তথ্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”
যাত্রাবাড়ীর একটি কারখানার কর্মী ওই তরুণীকে গত ৭ ফেব্রুয়ারি সামাদনগর কবরস্থান রোড এলাকায় দলবেঁধে ধর্ষণ করা হয়। পরদিন তিনি চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ওই দিন কাজ শেষে বাসায় ফেরার সময় আসামিরা তার পথরোধ করে মারধর করে এবং অস্ত্র দেখিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
সেদিন সন্ধ্যায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
