২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ডের চূড়ান্ত ফল সোমবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের স্থগিত ফল সোমবার ঘোষণা করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2020, 08:56 PM

Updated : 08 Apr 2022, 12:19 AM

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মোহা. ইসরাইল হোসেন রোববার এ তথ্য জানিয়েছেন।

১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট হয়। দুই সিটিতে একটি মাত্র ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের ফল স্থগিত করা হয়।

পুরান ঢাকার লালবাগ, বংশাল এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন জুবায়েদ আদেল (টিফিন ক্যারিয়ার), শেখ মোহাম্মদ আলমগীর (ঝুড়ি), এ এম কাইয়ুম (রেডিও) ও ইরোজ আহমেদ (ঘুড়ি)।

এই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের ফল ঘোষণার পর অভিযোগ আসে যে ফল পাল্টানো হয়েছে। একটি কেন্দ্রের ভোটের হিসাবে গড়বড়ের অভিযোগ ওঠায় সেই কেন্দ্রের ফল স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।

এবার ইভিএমে ভোটগ্রহণের পর কেন্দ্রে ফলাফল আধা ঘণ্টার মধ্যে ঘোষণা করা হয়েছিল। একীভূত ফলাফল ঘোষণা করা হয় রিটার্নিং কর্মকর্তার ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কেন্দ্র থেকে।

কেন্দ্রভিত্তিক ফলাফল একীভূত করে ঘোষণার পরই ৩১ নম্বর ওয়ার্ডে ফল পাল্টানোর অভিযোগ উঠে।  ওই কেন্দ্রে এক প্রার্থীর  প্রাপ্ত ভোটের সংখ্যা একীভূত করার সময় অন্য প্রার্থীর পক্ষে যোগ করা হয়- এমন অভিযোগ উঠে।

এরপর নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর বলেন, দক্ষিণের ১টি কেন্দ্রে ফলাফল নিয়ে ‘গন্ডগোল’ আছে। এ জন্যে রিটার্নিং কর্মকর্তা ওই ফল স্থগিত করেছে। এখন পরীক্ষা-নিরীক্ষা করে তা দেখা হবে।

রোববার ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সিটির ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডের নির্বাচনী ফলাফল সোমবার সকাল ১১টায় ইসির মিডিয়া সেন্টারে উপস্থিত প্রার্থী ও সংবাদকর্মীদের সম্মুখে প্রকাশ করা হবে।

পুরনো খবর:

দুই সিটিতে আওয়ামী লীগ সমর্থিত ১২৬ কাউন্সিলর জয়ী