দুই সিটিতে আওয়ামী লীগ সমর্থিত ১২৬ কাউন্সিলর জয়ী
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র দুটি পদের পাশাপাশি কাউন্সিলরদের মধ্যে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে ১৭২টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে ১২৬টি পদে।
বিএনপি সমর্থিত ১২ জন কাউন্সিলর প্রার্থী ভোটে জিতেছেন। জাতীয় পার্টির একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক একটি ওয়ার্ডে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বাকি ৩২টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন; তবে এদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
দক্ষিণ সিটি করপোরেশনে একটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করেছে ইসি।
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ বুধবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এবার উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছেন।
দলীয় প্রতীকে মেয়র পদে ভোট হলে কাউন্সিলর পদে ভোট ছিল নির্দলীয় প্রতীকে। আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছিল।
উত্তর সিটিতে ৭২টি পদ: মেয়র ১টি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৫৪টি ও সংরক্ষিত ১৮টি।
দক্ষিণ সিটিতে ১০১টি পদ: মেয়র ১টি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৭৫টি ও সংরক্ষিত ২৫টি।
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উত্তরে সিটিতে ৫৪ জন এবং দক্ষিণ সিটিতে ৭২ জন নির্বাচিত হয়েছেন।
বিএনপির উত্তরে ৩ এবং দক্ষিণে ৯ জন নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির ১ জন নির্বাচিত হয়েছেন উত্তরে।
উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন আওয়ামী লীগের, সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে ১৩ জন।
উত্তরে বিএনপির সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১ জন; সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টির একজন সাধারণ কাউন্সিলর পদে জয়ী হয়েছেন।
‘স্বতন্ত্র’দের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ জন নির্বাচিত হয়েছেন।
দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৫৪ জন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত ১৮ জন েএ দলের।
দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর ৪ জন জয়ী হয়েছেন।
‘স্বতন্ত্র’দের মধ্যে ১৫ জন সাধারণ ওয়ার্ডে এবং তিনজন সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
