২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল বাতিলের সুযোগ আর নেই: ইসি সচিব

বিএনপি ঢাকা সিটি নির্বাচনের ফল বাতিলের দাবি জানালেও ইসি সচিব মো. আলমগীর বলেছেন, সেই সুযোগ আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 09:51 PM

Updated : 08 Apr 2022, 12:18 AM

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জয়ীদের নাম-ঠিকানাসহ ফলাফল গেজেট আকারে বুধবার প্রকাশ করে ইসি। এদিনই বিএনপি সংবাদ সম্মেলন করে পুনর্নির্বাচনের দাবি তোলে।

এনিয়ে সাংবাদিকদের জিজ্ঞাসায় জ্যেষ্ঠ সচিব আলমগীর বলেন, “নির্বাচন কমিশন যেহেতু গেজেট প্রকাশ করে ফেলেছে; নির্বাচন বাতিলের এখন আর কোনো সুযোগ নাই।

“তবে কেউ যদি চায়, আদালত পর্যন্ত যেতে পারে। পরবর্তীতে আদালত যদি কোনো আদেশ দেন নির্বাচন কমিশনকে, সেটা আমরা দেখব।”

ঢাকার দুই সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭৪টি পদের বিপরীতে ১৭৩ জন নির্বাচিতের গেজেট হয়েছে।

দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের ফল আটকে আছে।

সচিব বলেন, দক্ষিণের ১টি কেন্দ্রে ফলাফল নিয়ে ‘গন্ডগোল’ আছে। এ জন্যে রিটার্নিং কর্মকর্তা ওই ফল স্থগিত করেছে। ওই কেন্দ্রে অভিযোগটি আসায় তা করা হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা করে তা দেখা হবে।

এ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তোলার জবাবে তিনি বলেন, “নির্বাচন করার জন্য যে পরিবেশ থাকা দরকার, তার পরিবেশ একেবারে ৯৯ দশমিক ৯৯ ভাগ ছিল। বাকি পয়েন্ট জিরো জিরো নিয়ে যদি কিছু বলতে পারেন।

“তবে মারামারির কিছু ঘটনা আমরা পরে শুনেছি। নির্বাচনের পরে শুনেছি যে, একই দলের মধ্যে হয়ত বিদ্রোহী প্রার্থী আছে, তারা হয়ত হাতাহাতি করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া, ওরকম মারামারি কোথাও হয়নি।”

সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা ১ শতাংশের বেশি ভোটারকে নিজ আঙুলের ছাপ দিয়ে ব্যালট ইস্যু করেছেন কি না- জানতে চাইলে ইসি সচিব বলেন, “কমিশনের কাছে ১ শতাংশের বেশি ব্যালট ইস্যুর জন্য অনুমোদন চেয়ে কোনো অনুরোধ আসেনি।”

ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে  আলমগীর বলেন, “ইভিএমে যা ভোট প্রকৃতপক্ষে দিয়েছে, ঠিক সেটাই পড়েছে। কারণ এখানে অতিরিক্ত ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আঙুলের ছাপ ও আইডি কার্ড ছাড়া যেহেতু ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, ভোটারকে অবশ্যই ফিজিক্যালি যেতে হয়েছে। ভোটার কেন্দ্রে না গেলে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই।”