খিলক্ষেতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর খিলক্ষেত বাজারের পাশে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ফরিদ উদ্দিন জানান, বুধবার রাত ১১টার কিছুক্ষণ আগে এই ভবনে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
চারতলা ভবনের পুরোটাই বিভিন্ন ধরনের অফিস জানিয়ে খিলক্ষেত থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারতলায় একটি অফিসে আগুন লেগেছে। ওই অফিসের যে কক্ষে কর্মচারীরা থাকতেন সেই কক্ষে আগুন লাগে। এর বাইরে আর কোথাও আগুন ছড়ায়নি।
রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
