পিস্তলসহ গ্রেপ্তার ইশরাকের ‘পিএস’ আরিফুল রিমান্ডে
ঢাকা সিটি নির্বাচনের প্রচারের সময় সহিংসতার অভিযোগে পিস্তলসহ গ্রেপ্তার আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
বুধবার ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন পুলিশের আবেদনের শুনানি শেষে এক দিন রিমান্ডের আদেশ দেন।
ছাত্রদলের সাবেক নেতা আরিফুল ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের একান্ত সচিব (পিএস) হিসেবে কাজ করতেন বলে পুলিশের ভাষ্য। তবে ইশরাক তা অস্বীকার করেছেন।
ভোটের প্রচারের সময় গত ২৬ জানুয়ারি গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের মোড়ে ইশরাকের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। তখন গুলির শব্দও শোনা গিয়েছিল।
সংঘর্ষের ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়। তার তিন দিনের মধ্যে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরে অস্ত্র মামলায় হাতিরঝিল থানার আরিফের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হেফাজতে নিতে আবেদন জানিয়েছিল পুলিশ। গত রোববার সেই আবেদন হলেও হরতালের কারণে কারাগার থেকে আরিফুলকে আদালতে হাজির করা হয়নি। সেজন্য রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ঠিক হয়।
শুনানিতে আরিফের আইনজীবী এ কে আজাদ রিমান্ড বাতিল করে জামিন চান।
তিনি বলেন, অস্ত্র আইনের এ মামলাটি ভুল তথ্য দিয়ে করা হয়েছে। তার অস্ত্রটি যথাযথ কতৃর্পক্ষ কর্তৃক নিবন্ধিত ছিল। তিনি অস্ত্রটি কাউকে ভয় দেখানোর জন্য ব্যবহার করেননি।
রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হীরন বলেন, “এ আসামি গত ২৬ জানুয়ারি প্রতিপক্ষ আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের লোকজনদের হত্যার উদ্দেশে পিস্তল দিয়ে সাত রাউন্ড গুলি ছোড়ে।”
অস্ত্র আইনের এই মামলাটি তদন্ত করছেন ডিবির অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক আব্দুল হক।
আরিফকে নিয়ে পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ইশরাক সাংবাদিকদের বলেন, “আমার কোনো ব্যক্তিগত সহকারী নাই। ধানের শীষের গণজোয়ারকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য, জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই সুপরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে।”
