২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২০ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঢাকার তুরাগে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা-ডাকাতি-মাদকের ২০ মামলার এক আসামি নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 11:10 AM

Updated : 18 Aug 2022, 02:28 PM

র‌্যাব বলছে, নিহত শহীদ হোসেন (৪৫) একজন ‘কুখ্যাত ডাকাত’, যাকে অনেকে ‘কানা শহীদ’ নামে চেনে।

মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তুরাগের বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানের ভাষ্য।

তিনি বলেন, ‘একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে’ বেড়িবাঁধ এলাকায় জড়ো হচ্ছে খবর পেয়ে র‌্যাবের টহল দল রাতে সেখানে যায়।

“সেখানে র‌্যাব ও ডাকাত দলের মধ্যে ১০ মিনিটের মত গোলাগুলি হয়। গুলি থেমে যাওয়ার পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে র‌্যাব তার পরিচয় জানতে পারে বলে কামরুজ্জামানের ভাষ্য।

তিনি বলেন, শহীদের গ্রামের বাড়ি নড়াইলে। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে  ১৬টি ডাকাতি, দুটি হত্যা ও মাদকের দুটি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “ওই ডাকাতদলের বাকি সদস্যরা পালিয়ে গেছে।”