২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় ছুটির দিনের অপেক্ষা

অমর একুশে গ্রন্থমেলা তিন দিনে গড়ালেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতার দেখা পাননি প্রকাশকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 12:44 AM

Updated : 10 Oct 2022, 06:57 PM

বিক্রি এখনও জমে না ওঠায় বিক্রেতারা অপেক্ষা করছেন সাপ্তাহিক ছুটির দিনটির জন্য। শুক্রবার থেকে বইপ্রেমীদের আগমনের সঙ্গেও বিক্রিও বাড়বে বলে আশায় আছেন তারা।

প্রতিবার ১ ফেব্রুয়ারি শুরু হলেও এবার সিটি নির্বাচনের জন্য একদিন পর শুরু হয়েছে বইমেলা। তবে অধিবর্ষ হওয়ার কারণে এবার মেলা অন্য বারের মতোই চলবে ২৮ দিন।

মঙ্গলবার মেলা প্রাঙ্গণে অনেক তরুণ-তরুণীকে গল্প-আড্ডায় সময় কাটাতে দেখা গেলেও স্টলগুলোতে ভিড় তেমন দেখা যায়নি।

পুঁথিনিলয়ের বিক্রয়কর্মী আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলা যেহেতু সবে শুরু, তাই আগতদের সংখ্যা ভালো, কিন্তু বিক্রি তেমন নেই। অনেকে স্টলে আসছেন, কিছু বই উল্টে দেখছেন আবার না কিনেই চলে যাচ্ছেন। আমাদের প্রত্যাশা, শুক্রবার থেকে মেলায় ভিড় বাড়বে, বিক্রিও বাড়বে।”

অ্যাডর্ন পাবলিকেশন্সের সিইও সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন যারা মেলায় স্টলগুলোর দিকে আসছেন, তাদের অধিকাংশই ক্যাটালগ সংগ্রহ করছেন। অনেকে বই দেখছেন, পছন্দ করছেন, বলছেন পরে এসে কিনবেন। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে বলে আশা করছি।”

আদিত্য অনিক প্রকাশনীর ব্যবস্থাপক মো. আসাদুজ্জামানও একই কথা শোনালেন।

আজকাল প্রকাশনীর বিক্রয় কর্মকর্তা নির্মল পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুতে অনেকে শুধু ঘুরতে আসে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসে। বইমেলার পরিবেশ দেখতে আসে।

“তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে বলে প্রত্যাশা। সেইদিন থেকে মেলায় ভিড় বাড়ার সাথে বই বিক্রিও বাড়বে আশা করা যায়।”

মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে জলাশয়ের দিকে বসে সময় কাটাতে দেখা গেছে অনেক তরুণ-তরুণীকে।

বন্ধুদের সঙ্গে মেলা প্রাঙ্গণে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে বই নেব না, শুধু দেখতে আসছি। মেলার শেষের দিকে কিছু পছন্দের বই কিনব।”

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে ৮১টি।

Image
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার অমর একুশে বইমেলার একটি স্টলে দর্শক।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার অমর একুশে বইমেলার একটি স্টলে দর্শক।

বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অধ্যাপক হারুন-অর-রশিদ রচিত ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব : কী ও কেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোবিন্দ চক্রবর্ত্তী। আলোচনায় অংশ নেন অধ্যাপক এম অহিদুজ্জামান এবং সাংবাদিক মোজাম্মেল বাবু। লেখকের বক্তব্য প্রদান করেন অধ্যাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কামাল চৌধুরী।

গ্রন্থকার হারুন-অর-রশিদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিষয়ক অনেক গ্রন্থ লেখা হলেও তার দ্বিতীয় বিপ্লব নিয়ে গবেষণাধর্মী ও বিশ্লেষণমূলক গ্রন্থ নেই। বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের গুরুত্বকে তুলে ধরাই এই গ্রন্থের মূল প্রেরণা। বঙ্গবন্ধুর জীবনাদর্শকে বুঝতে হলে দ্বিতীয় বিপ্লবের পটভূমি ও এর দার্শনিক রূপ উপলব্ধি করা অত্যন্ত প্রয়োজন।

কামাল চৌধুরী বলেন, “তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন তুলে ধরার যে দায়িত্ব আমাদের রয়েছে তা কেবল আবেগ দিয়েই সম্ভব নয়, এজন্য প্রয়োজন গবেষণা ও অনুসন্ধিৎসু মন নিয়ে বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনের পর্যালোচনা।”

সোমবার সাংবাদিক,লেখক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে কবি মুহম্মদ নূরুল হুদা, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম উপস্থিত ছিলেন। প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে বইটি প্রকাশ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে ১৭০ টাকা।

বুধবারের অনুষ্ঠানসূচি

বুধবার অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিনেও মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অজয় দাশগুপ্ত রচিত ‘বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সুভাষ সিংহ রায়। আলোচনায় অংশগ্রহণ করবেন নূহ-উল-আলম লেনিন ও আবু সাঈদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রামেন্দু মজুমদার। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।