শিপ সার্ভেয়ার সাইফুর ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দুদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পেয়ে’ নৌ পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশনের পরিচালক কাজী শফিকুল ইসলামের সই করা নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদের স্ম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মির্জা সাইফুর ও তার স্ত্রী মৌসুমী সুলতানাকে পৃথক নোটিশ পাঠিয়ে তাদের সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।”
এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে ঘুষের দুই লাখ টাকাসহ দুদকের কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হন সাইফুর।
তখন দুদক কর্মকর্তারা বলেছিলেন, মির্জা সাইফুর জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য এক ব্যক্তির থেকে দুই লাখ টাকা ঘুষ হিসেবে নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্পদের হিসাব চেয়ে মির্জা সাইফুরকে সোমবার পাঠানো নোটিশে বলা হয়, “প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি মির্জা সাইফুর রহমান, ইঞ্জিনিয়ার অ্যান্ড শীপ সার্ভেয়ার, নৌ-পরিবহন অধিদপ্তর, ঢাকা, আপনার জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।”
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে পাঠানো নোটিশে আরও বলা হয়, “আপনি মির্জা সাইফুর রহমান আপনার নিজের, আপনার নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অবস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করতে নির্দেশ দেওয়া যাচ্ছে।”
সম্পদ বিবরণী দাখিলের ফরম যুক্ত করা হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারায় ব্যবস্থা নেওয়া হবে।
স্ত্রী মৌসুমী সুলতানাকে পাঠানো নোটিশেও একই সময়ে সম্পদের হিসাব জমা দিতে বলেছে দুদক।
