২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবজাতক হত্যায় ‘মা’ রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে এক নবজাতককে হত‌্যার অভিযোগে গ্রেপ্তার এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 06:52 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

২২ বছর বয়সী ওই তরুণী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে রিমান্ড আবেদনে বলেছে পুলিশ। এছাড়া সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষায় তিনিই ওই সন্তানের মা বলে নিশ্চিত হওয়ায় কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে ওই নারীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নবজাতককে খুনের ঘটনায় ২৬ জানুয়ারি মোহাম্মদপুর থানার এসআই অপূর্ব কুমার বর্মণ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরদিন ওই তরুণীকে মামলায় গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই শরিফুল ইসলাম।

গত ৩০ জানুয়ারি আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

এদিন রিমান্ড শুনানিকালে নার্গিসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রিমান্ড আবেদনে বলা হয়, গত বছরের ২২ ডিসেম্বর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকার মোকাব খান রোডের ডাস্টবিনে এক নবজাতক ছেলের লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। মৃত নবজাতকের পরিচয় শনাক্ত করতে ২৪ ডিসেম্বর তার মা সন্দেহে এই তরুণীকে আটক করে পুলিশ।

“জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রেম করে শামীম নামের একজনকে বিয়ে করেন। পরে জানতে পারেন, শামীমের আরও তিন স্ত্রী আছে। ইতোমধ্যে গর্ভবতী হন তিনি। এ তথ্য শামীমকে জানালে, মা ও সন্তানকে খুন করার হুমকি দেন।

“গত ২০ ডিসেম্বর বিকেলে প্রসব বেদনা উঠলে টয়লেটে গিয়ে একা একা বাচ্চা প্রসব করেন তিনি। পরে বাচ্চাটির গলা টিপে মেরে লাশ গোপন করার জন্য পাশের ডাস্টবিনে ফেলে দেন।”

মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং আসামির স্বামী শামীমের সঠিক নাম-ঠিকানা সংগ্রহের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে লিখেছিলেন তদন্ত কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়, ডাস্টবিন থেকে পাওয়া নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। ফরেনসিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায় যে, গ্রেপ্তার তরুণীই ওই নবজাতকের মা।