গেল অর্থবছরে সরকারি গাড়ির খরচ ১১১ কোটি টাকা
গত অর্থবছরে সরকারি যানবাহন চালনা বাবদ ১১১ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার সংসদে এক প্রশ্নে জানান, সরকারি পরিবহনগুলোর যানবাহন চালনা বাবদ ২০১৮-১৯ অর্থবছরে মোট ১১১ কোটি ২৩ লাখ টাকা খরচ হয়েছে।
“নির্ধারিত সিলিংয়ের মধ্যে জ্বালানি ব্যয় সীমাবদ্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে কাজ পরিদর্শনে সরকারি যানবাহনের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য সরকারি কর্মচারীদের উৎসাহিত করা হচ্ছে।”
ঢাকার বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ৮২টি।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত বছর সরকারি চাকরিতে ৮৮ হাজারের বেশি নতুন পদ সৃষ্টি হয়েছে।
তিনি জানান, জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং দপ্তরে ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সন্মতি দিয়েছে। এ সময়ে নবম থেকে ২০তম গ্রেডে ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।
আদালতে মামলা থাকা, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়া এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ যথাসময়ে পূরণ করা যায় না বলেও জানান তিনি।
হুমকির মুখে ৬৪ প্রজাতির মাছ
ফরিদপুরের মনজুর হোসেনের প্রশ্নের জবাবে মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর করজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশের হিসাব অনুযায়ী, দেশে স্বাদু পানির ৬৪ প্রজাতির মাছ হুমকির মধ্যে। এর মধ্যে নয়টি অতি বিপন্ন, ৩০টি বিপন্ন এবং ২৫টি শংকাগ্রস্ত।
প্রতিমন্ত্রী জানান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ৭২৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত কাপ্তাই লেকে প্রায় ১৩ প্রজাতির মাছ বিলুপ্তির পথে। অবাধ প্রজনন ও বিলুপ্তির পথে মাছ রক্ষার জন্য মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই লেকে ৭টি অভয়াশ্রম ও ৬টি ভাসমান মোবাইল মনিটরিং সেন্টার স্থাপন করেছে।
এসব অভয়াশ্রম থেকে মাছ আহরণ সম্পূর্ণ নিষ্দ্ধি আছে। ভাসমান মোবাইল মনিটরিং সেন্টারের মাধ্যমে কর্পোরেশন বিদ্যমান জনবল দ্বারা অভয়াশ্রমগুলোর পাহারা নিশ্চিত করা হচ্ছে। এতে কাপ্তাই লেকে বিলুপ্তপ্রায় মৎস প্রজাতি রক্ষার পাশাপাশি মৎস উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
নোয়াখালীর মোরশেদ আলমের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত ৪৩২টি অভয়াশ্রম সুফলভোগীদের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
রাজশাহীর এনামুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ বছরের বেশি অনিষ্পন্ন বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৭৩ হাজার ১৭৮টি। এর মধ্যে ফৌজদারি মামলার সংখ্যা ২ লাখ ২১ হাজার ১০৮টি এবং দেওয়ানি মামলার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭০টি।
বগুড়ার বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ২৮ হাজার ৯৫৫ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
স্পিকার শিরীন শারিমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
