২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানির সঙ্গে সিলের নিবন্ধন লাগবে না

কোম্পানির নিবন্ধনের সময় সিলের নিবন্ধন করানোর বাধ্যবাধকতা তুলে দিয়ে কোম্পানি আইনের একটি বিধান সংশোধনে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 05:19 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘কোম্পানি (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়ার একটি অংশের নীতিগত ও ‍চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আইনটিকে অধিকতর ব্যবসাবান্ধব ও সহজ করতে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছিল। বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় এই আইনের খসড়া প্রণয়ন করা হয়, বিভিন্নজনের মতামতও নেওয়া হয়।

“তবে সব ধারা নিয়ে ঐক্যমত না হওয়ায় খসড়াটি ‍চূড়ান্ত হয়নি। চূড়ান্ত খসড়া প্রণয়ন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ২০১৮ সালের ৮ জুলাই বিনিয়োগ প্রতিবন্ধকতা দূরীকরণে একটি সভা হয়। সেখানে কোম্পানি আইনের বিনিয়োগ সংশ্লিষ্ট একটি ধারা কমিটি গঠন করে দ্রুত সংশোধনের সিদ্ধান্ত হয়।

“বিদ্যমান আইন পর্যালোচনা করে দেখা যায় যায়, কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য সিলের প্রয়োজনীয়তা নেই। তবে কোম্পনির নিজস্ব কার্যক্রম পরিচালনায় কোম্পানি সিল ব্যবহার করে। কোম্পানির কমন সিল, সাধারণ সিল, অফিসিয়াল সিল বিলোপ করার জন্য কোম্পানি আইনের কয়েকটি ধারা সংশোধনের জন্য খসড়া উপস্থাপন করা হলে মন্ত্রিসভা বিস্তারিত আলোচনার মাধ্যমে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়।”

আনোয়ারুল বলেন, “রেজিস্ট্রেশনের সময় সিল থাকতে হবে এই বাধ্যবাধকতা বাদ দিলে ইজ অব ডুয়িং বিজেনেসে ৬/৭ নম্বর বেড়ে যায়। তখন আমাদের র‌্যাংকিং উপরের দিকে চলে যাবে। সে চিন্তাভাবনা করে মন্ত্রিসভা এটাকে ভোটিংয়ে নেওয়ার শর্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।”

আগামী ৩১ মার্চের মধ্যে কোম্পানি আইনে এই সংশোধন করা হলে ইজ অব ডুয়িং বিজনেসে ৭ বা ৮ পয়েন্ট পাওয়া যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।