সাংবাদকর্মীকে মারধরের মামলায় এনু-রুপনের জামিন
বেসরকারি টেলিভিশন ডিবিসির এক সংবাদকর্মীকে মারধরের ঘটনায় জামিন পেয়েছেন ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া।
সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন তাদের আদালতে অভিযোগপত্র দাখিল পর্যন্ত জামিন দেন।
এই মামলায় গত ২১ জানুয়ারি গ্রেপ্তার দেখানোসহ সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নূর আলম। গত ২৬ জানুয়ারি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল আদালত।
রিমান্ড শুনানির জন্য সোমবার এনু-রুপনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী রাজীব সরকার রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচশ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
ডিবিসির আদালত প্রতিবেদক ও মামলার বাদী নাসির উদ্দিন ওরফে লিটন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের টেলিভিশন কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ায় আমরা আদালতে একটি হলফনামা দিয়ে বলেছি যে জামিনে গেলে আমাদের কোনো আপত্তি নেই।”
আইনজীবী রাজীব জানিয়েছেন, দুই ভাইয়ের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকায় আপাতত তারা মুক্তি পাচ্ছেন না।
গত ১৯ জানুয়ারি রুপন-এনুকে দুদকের এক মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আনা হয়।
সে সময় তাদের ৪০/৫০ জন কর্মী-সমর্থক আদালত চত্বরে উপস্থিত হন। বেলা পৌনে একটার দিকে দুইজনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে মহানগর দায়রা জজ আদালতের দোতলায় উঠানোর সময় ডিবিসির ক্যামেরাপার্সন আল আমিন ভিডিও ধারণ করছিলেন।
ওই সময় রুপন-এনুর ৮/১০ জন সমর্থক তার উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং আল আমিনের ক্যামেরাও ভেঙে ফেলা হয়।
আল আমিনের দাবি, তার পকেটে থাকা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় হামলাকারীরা।
ওই সময় পুলিশ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে আব্দুল মতিন নামের একজন ধরা পড়ে।
হামলার ঘটনায় কোতোয়ালি একটি মামলা করা হয়।
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পরিচালক এনু ছিলেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর তার ভাই রুপন ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকার কয়েকটি ক্লাবের সঙ্গে ওয়ান্ডারার্সে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র্যাব।
এর ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর গেণ্ডারিয়ায় প্রথমে এনু ও রুপনের বাড়িতে এবং পরে তাদের এক কর্মচারী এবং তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্দুকভর্তি প্রায় ৫ কোটি টাকা, আট কেজি সোনা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
তখন র্যাবের পক্ষ থেকে বলা হয়, সিন্দুকে পাওয়া ওই টাকার উৎস ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো। টাকা রাখতে জায়গা বেশি লাগে বলে কিছু অংশ দিয়ে সোনা কিনে রাখতেন এনামুল।
ওই ঘটনার পর মোট সাতটি মামলা করা হয় এনু ও রুপনের বিরুদ্ধে।
