রাজীবের মৃত্যু: বাদীপক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছে ব্লাস্ট
রাজধানীর কারওয়ানবাজারে বেপরোয়া দুই বাসের চাপায় সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর ঘটনার মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট।
ব্লাস্টের ঢাকা জেলার ভারপ্রাপ্ত সমন্বয়ক অ্যাডভোকেট মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানবিক কারণে এই করুণ মৃত্যুর বিষয়ে রাজীব যে মামলা করেছিলেন সে মামলাটি পরিচালনার উদ্যোগ আমরা নিয়েছি।”
রোববার রাজীবের মামা শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত জাহেদুল ইলাম বিনা পারিশ্রমিকে মামলাটি পরিচালনার জন্য ব্লাস্টের ঢাকা জেলা শাখায় আবেদন করেন।
জাহেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার অভিযোগপত্রে বাদী/এজহারকারী মৃত্যুর তথ্য থাকলেও রাজীবের পরিবার অর্থাৎ আমি অথবা পরিবারের অন্য কাউকেই অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার কোনো তথ্য জানানো হয়নি। অথচ আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে , তদন্তের ফলাফল বাদীপক্ষকে জানাতে হয়। যদিও অভিযোগপত্রের শেষ অংশে উল্লেখ করা হয়েছে যে, সাক্ষীগণ বিজ্ঞ আদালতে ঘটনা প্রমাণ করিবেন। তদন্তের ফলাফল বাদীর আত্মীয়-স্বজনকে জানানো হইল।
“কিন্তু প্রকৃতপক্ষে তদন্ত শেষ করার পর অভিযোগপত্র তৈরির বিষয়ে কিছুই আমরা জানতাম না। ঘটনাটিতে তদন্ত কর্মকর্তার সৎ উদ্দেশ্য ছিল না বলে প্রমাণ পাওয়া যাচ্ছে।”
জাহেদুল আরও বলেন, “রাজীব মারা যাওয়ায় আমরা বাদী পরিবতর্নের বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে আবেদন করেছিলাম। কিন্তু সে বিষয়ে কী হল, তাও আমরা জানতে পারিনি। এবার ব্লাস্টের আইনজীবীর মাধ্যমে সকল বিষয়ে পদক্ষেপ নেব। আর অভিযোগপত্রে স্বল্পমাত্রার শাস্তির ধারা যুক্ত করার বিরুদ্ধে আদালতে না- রাজি আবেদন করব।”
তবে এসব অভিযোগ অস্বীকার করে তদন্ত কর্মকর্তা এস আই ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ তদন্তের ফলাফল বাদীর পরিবারকে জানিয়েছিলাম।”
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোহাম্মদ নিজামুদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূল বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক আজ অভিযোগপত্রটি গ্রহণ করেননি।”
আগামী ১১ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে।
২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছলে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটি ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের চাপে রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথায়ও প্রচণ্ড আঘাত লাগে।
দুর্ঘটনার পর তাকে প্রথমে শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল মারা যান তিনি।
মৃত্যুর আগে ৩ এপ্রিল রাজীব শাহবাগ থানায় পেনাল কোডের ২৭৯/৩৩৮-এর ‘ক’ ধারায় মামলা করেন। ২৭৯ ধারায় সর্বোচ্চ তিন বছর ও ৩৩৮ ধারায় সর্বোচ্চ দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
মহানগর পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা যায়, মামলার তদন্তের সময় তদন্ত কর্মকর্তার আবেদনে ৩৩৮ ধারা বাদ দিয়ে মামলায় ৩০৪ (খ) ধারা যুক্ত করা হয়।
এ ধারায় অপরাধের তুলনায় লঘু সাজা হবে বলে সে সময় তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবীরা। তারা বরং ৩০৪ ধারা কিংবা ৩০৪ (ক) ধারা যুক্ত করার পক্ষে মত দিয়েছিলেন।
৩০৪ ধারায় বলা হয়েছে, “যদি কোনো ব্যক্তি খুন নয় এমন অপরাধজনক প্রাণহানি করে, তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে কিংবা ১০ বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে। যদি সে কাজটি দ্বারা মৃত্যু সংঘটিত হয়, সেই কাজটি মৃত্যু সংঘটনের উদ্দেশ্য নিয়ে করা হয় অথবা এমন দৈহিক জখম করার উদ্দেশ্য নিয়ে করা হয়, সে দৈহিক জখমের ফলে মৃত্যু ঘটতে পারে।”
৩০৪ (ক) ধারায় বলা হয়েছে, “যদি কোনো ব্যক্তি বেপোরায়ভাবে বা অবহেলাজনকভাবে কার্য করে কারও মৃত্যু ঘটায় এবং তা শাস্তিযোগ্য নরহত্যা না হয়, তবে সে ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।”
আর ৩০৪ (খ) এর শাস্তি তিন বছরের কারাদণ্ড।
রাজীবের খালা জাহানারা বেগম বলেন, একই রকমের দুর্ঘটনায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজীব-দিয়ার মৃত্যুর মামলায় অপরাধজনক প্রাণনাশের ধারা এসেছিল।
তিনি বলেন, “ঘটনাটি ইচ্ছাকৃতভাবে আসামিরা ঘটিয়েছিল। গাড়িচালকরা জানত যে দুই বাসের প্রতিযোগিতায়, রেষারেষিতে মারাত্মক দুঘর্টনা ঘটতে পারে, কারো প্রাণ যেতে পারে। তাই এত স্বল্পমাত্রার শাস্তির ধারা যুক্ত করে, অভিযোপত্রে অবহেলা উল্লেখ করে তদন্ত কমর্কর্তা তদন্তে নিজেই অবহেলা করেছেন।
“তদন্ত কতৃর্পক্ষ এটিতে অপরাধজনক নরহত্যার ধারা যুক্ত করবেন বলে আমাদের কথা দিয়েছিল। সব সাংবাদিকদেরও পুলিশ এটা বলেছিল। তবে এর বিপরীত হল কেন? আমরা যাবজ্জীবন শাস্তির ধারা যুক্ত হোক এটি চাই।”
