পোস্টার ‘৩ দিনের মধ্যে’ সরাবেন আতিক
ভোটের প্রচারে যে পোস্টার লাগিয়েছিলেন, তিন দিনের মধ্যে নিজ উদ্যোগে তা সরানোর ঘোষণা দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আতিকুল ইসলাম।
ভোটে জয়ের পরদিন রোববার বনানীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী তিন দিনের মধ্যে আমরা সব পোস্টার সরিয়ে ফেলব। আমরা সবাই মিলে চেষ্টা করছি তাড়াতাড়ি সরিয়ে নেওয়ার।”
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের রোববারই ভোটের পোস্টার সরিয়ে নিতে দেখা গেছে। পলিথিনে মোড়ানো কাগজের পোস্টারগুলো কোথাও কোথাও পোড়ানোও হয়েছে।
পোস্টার না পোড়ানোর আহ্বান জানিয়ে আতিক বলেন, “এটা করবেন না। এটা রিসাইকেল করা হবে। পলিথিন ও কাগজ আলাদা করা হবে।”
নৌকা প্রতীকে এবারের ভোটে বিজয়ী আতিক আইনি বাধ্যবাধকতার কারণে মেয়র পদ ছেড়ে পুনরায় নির্বাচন করেছিলেন। শনিবার ভোটে জিতলেও নতুন মেয়াদে দায়িত্বভার নিতে তাকে আগামী মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আধুনিক ঢাকা গড়তে সবগুলো সরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আতিক।
তিনি বলেন, রাজধানীবাসীর সমস্যা শোনার জন্য প্রতি মাসে টাউন হল মিটিং করা হবে। সেই মিটিংয়ে প্রত্যেকটি সেবা সংস্থার প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে।
“টাউন হল মিটিংয়ের বিষয়টি আমার নির্বাচনী ইশতেহারে ছিল। আমরা জনগণের সমস্যা শুনব এবং সেটা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এজন্য প্রথম সভা থেকেই সেবা সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে।”
সংবাদ সম্মেলনে আতিকের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সংসদ সদস্য আসলামুল হক, সাদেক খান, আকবর হোসেন খান পাঠান ফারুক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা নবনির্বাচিত মেয়র আতিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের স্ত্রী রুবানা হকও ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।
আনিসুল হকের মৃত্যুতে গত বছর অনুষ্ঠিত মেয়র পদে উপনির্বাচনে বিজয়ী হন আতিক।
