বিএনপির এজেন্ট কেন নেই, জানেন না প্রিজাইডিং অফিসাররা
সিটি করেপারেশন নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও প্রায় সব কেন্দ্রের বাইরে সরকার সমর্থক নেতাকর্মীদের ভিড় করে থাকতে দেখা গেছে।
কয়েকটি কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টও দেখা যায়নি। এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, সকালে বিএনপির এজেন্টরা এসে আবার চলে গেছেন; আর ফেরেননি। তাদের চলে যাওয়ার কারণ জানাতে পারেননি প্রিজাইডিং কর্মকর্তারা।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে সকাল সোয়া ৯টায় মাত্র দুইজন ভোটার দেখা গেছে। সেখানে অলস সময় কাটাতে দেখা গেছে ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং এজেন্টদের। তবে বাইরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীসমর্থকদের ভিড় করে ছিলেন।
সাড়ে ৯টার পর উদয়ন স্কুল কেন্দ্রেও ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। এই কেন্দ্রের বাইরেও ছাত্রলীগের একদল নেতাকর্মী অবস্থান করছিলেন।
এখানকার প্রিজাইডিং অফিসার মাইদুর রহমান বলেন, “আমাদের দায়িত্ব কেন্দ্র সুষ্ঠু রাখা। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম। বেলা গড়ার সাথে বাড়তে পারে।”
হাত পাখা মার্কার প্রার্থী আসার পর ভোটের কৃত্রিম লাইন করা হয়, প্রার্থী চলে যাওয়ার পর সেটি আবার ফাঁকা হয়ে যায়
তারা আসার পরপরই কেন্দ্রে কৃত্রিম লাইনে কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবদুর রহমান ভোট দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে সেই স্থান ত্যাগ করার সাথে সাথে লাইনটি অঅবার ফাঁকা হয়ে যায়।
ভোটের লাইনে দাঁড়ানো এসব লোকের পরিচয় জানা সম্ভব হয়নি।
ভোট দেয়ার পর আব্দুর রহমান বলেন, “এখানকার অবস্থা ভালো। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট নই।”
ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, “‘আমি অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি। ভোটারদের উপস্থিতি খুবই কম।”
ভোটের কৃত্রিম লাইন তৈরির বিসয়ে জানতে চাইলে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম বলেন, “এটা অন্যরা দেখেছে। আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে আমিও বিষয়টি লক্ষ্য করেছি যে, প্রার্থী চলে যাওয়ার সাথে সাথে লাইনটি ফাঁকা হয়ে যায়। হয়তো তারা এই কেন্দ্রের ভোটার ছিল না।”
তবে কেন্দ্রের ভিতরে বিএনপি প্রাথীর কোনো পোলিং এজেন্ট ছিলনা।
এ বিষয়ে নির্বাচনী দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, “তিনি টয়লেটে গেছেন, একটু পর আসবেন।” তবে অনেকক্ষণ অপেক্ষা করেও বিএনপির এজেন্টের দেখা মেলেনি।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম বলেন, “সকালে বিএনপির তিনজন এজেন্ট এসেছিল। পরে তারা চলে গেছে।”
বিএনপির এজেন্টরা কেন চলে গেছেন, তার কারণ জানাতে পারেননি তিনি।
এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১২৮টি ভোট পড়ার কথা জানান প্রিজাইডিং অফিসার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পসব ভোটকেন্দ্রের বাইরেই সরকার সমর্থক নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
১১টার দিকে কার্জন হল কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে বাইরে ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে দেখা গেছে। এখানে মোটর সাইকেল করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র আসেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস।
এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৫৭টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার সামসুল আলম।
এই কেন্দ্র থেকে বিএনপি ও অন্য দলের পোলিং এজেন্টদের ছাত্রলীগের নেতাকর্মীরা জোর করে বের করে দেয় বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এজেন্টদের একটি তালিকা তারা দিয়েছিল। সকালে তারা এসেছিলও। কিন্তু এরপর আমি তাদের দেখছি না। তারা কোথায় গেছে বা কি হয়েছে এই বিষয়ে আমি সঠিক জানি না।”
কেন্দ্র থেকেও বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল’র আহ্বায়ক এবিএম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, “ঢাকা ববিশ্ববিদ্যালয়ের এলাকার অন্তর্গত প্রত্যেকটি কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসারদের কাছে আমি এই বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পসব ভোটকেন্দ্রের বাইরেই সরকার সমর্থক নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
উদয়ন স্কুল কেন্দ্রে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “আমি এবং আমার স্ত্রী বেলা পৌনে ১১টার দিকে উদয়ন স্কুলে ভোট দিয়েছি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করায় উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেলাম। ডিজিটাল পদ্ধতির এই অভ্যস্ততা আগামী দিনগুলোতে মানুষ মনস্তাত্ত্বিকভাবে সহজে গ্রহণ করবে। ডিজিটাল পদ্ধতির এই ইভিএমে ভোট প্রদান অত্যন্ত সহজ, শুধু বোতাম টিপে সহজেই জনগণ ভোট প্রদান করতে পারছে।”
প্রায় একই সময়ে কার্জন হল কেন্দ্র পরিদর্শন করে দুইজন বিদেশী পর্যবেক্ষককে বের হতে দেখা যায়। পড়ে তাদের কাছে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এছাড়া সকাল ১০টায় কার্জন হল কেন্দ্রে ধানের শীষে ভোট দেওয়ায় এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
তবে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সামসুল আলম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
