২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ রুখতে স্কাউটদের এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে  স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক

গাজীপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2020, 06:55 PM

Updated : 10 Oct 2022, 06:54 PM

সোমবার গাজীপুরের মৌচাকে নবম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশের চিফ স্কাউট আবদুল হামিদ  বলেন, “আমি আশা করি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য-বিবাহ ও ধর্মান্ধতা রোধসহ সামাজিক জনসচেতনতা সৃষ্টিতে স্কাউটরা বরাবরের মতো নিজেদের সক্রিয় রাখবে।”

কাব স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, “আগামী দিনে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, ধর্মনিরপেক্ষ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। সবসময় মনে রাখতে হবে অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ আমাদের। এ জন্য তোমাদের যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।

“সমাজসেবা, সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে। বৃক্ষরোপণ, পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ুর উষ্ণতারোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। বন্যা, ঘূর্ণিঝড়, ভবন ধস ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে তথা জাতীয় দুর্যোগে স্কাউটদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। স্কাউটদের সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃতি লাভ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

স্কাউটদের কঠোর পরিশ্রম করার তাগিদ দিয়ে আবদুল হামিদ বলেন, “স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে শিক্ষা দেয়। স্কাউটিংকে দেশসেবা ও মানবিক কল্যাণে কাজে লাগাতে হবে।

“স্কাউটিং এর শিক্ষা ব্যক্তি, পরিবার ও  সামাজিক জীবনে প্রতিফলিত করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই।”

সরকার ঘোষিত উন্নয়ন যাত্রায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে পরিপূর্ণতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভিশন ২০২১’, ‘ভিশন ২০৪১’ এবং শতবর্ষ মেয়াদি ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ গ্রহণ করেছেন। জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট ২০৩০’ অর্জনসহ ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করা এসব মহাপরিকল্পনার উদ্দেশ্য। তবে উন্নয়নকে এগিয়ে নিতে  জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন যাত্রায় সামিল হতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান জাতীয় কমিশনার ও দুদক কমিশনার মোজাম্মেল হক খান।

ক্যাব কাম্পুরী উপলক্ষে স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করেন রাষ্ট্রপতি।  এছাড়া ৪৮ জনকে প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড এবং চারজনকে প্রেসিডেন্ট'স  রোভার স্কাউট অ্যাওয়ার্ড দেন তিনি।