২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রসফায়ারের’ দাবি সাংসদদের ব্যক্তিগত মতামত: কাদের

ধর্ষণকারীদের ‘ক্রসফায়ারে’ হত্যার যে দাবি সংসদে তুলেছেন কয়েকজন সাংসদ, তা একান্তই তাদের ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2020, 05:36 PM

Updated : 08 Apr 2022, 12:13 AM

তার নিজের ভাষ্য, ‘এনকাউন্টার বা ক্রসফায়ার’ যেহেতু সংবিধানসম্মত নয়, সেহেতু সরকার বা দল তাতে সমর্থন দিতে পারে না।

“আমি তখন সিঙ্গাপুরে ছিলাম। আমি সেইদিন সংসদে ছিলাম না। যারা এনকাউন্টারের পক্ষে বক্তব্য রেখেছেন আমার মনে হয় এটা তাদের ব্যক্তিগত মতামত। এটা সরকার ও আমাদের দলের কোনো বিষয় নয়।”

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদেরের এ বক্তব্য আসে।

বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার উদ্বেগের মধ্যেই গত মঙ্গলবার ধর্ষককে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলার দাবি উঠে জাতীয় সংসদে।

জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু অনির্ধারিত আলোচনায় ওই দাবি তোলেন। তার দলের কাজী ফিরোজ রশীদ এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদও তাতে সমর্থন জানান।

তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, ধর্ষকদের ক্রসফায়ার করলে ‘বেহেস্তে যাওয়া যাবে’, কোনো ‘অসুবিধা হবে না’।

সংসদের ওই আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুর কাদের বলেন, “এনকাউন্টার বা ক্রসফায়ারকে তো আমরা সাপোর্ট করতে পারি না। কারণ এটা সংবিধানের আওতার বাইরে। এটা সংবিধান সম্মত নয়। দলীয় ও সরকারিভাবে ক্রয়ফায়ার আমরা সাপোর্ট করতে পারি না। ব্যক্তিগতভাবে কারো অভিমত থাকতে পারে। দ্যাট ইজ ডিফরেন্ট।”

আন্দোলনকারীদের আদালতের আদেশ মেনে নেওয়ার আহ্বান

ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ পেছানোর জন্য আন্দোলনকারীদের আদালতের আদেশ মেনে আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দিন সরস্বতী পূজা থাকায় নির্বাচনের তারিখ পেছানোর জন্য আদালতে একটি রিট আবেদন করেছিলেন একজন আইনজীবী, যা খারিজ হয়ে যায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদও ভোটের তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল ইসির কাছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত কয়েক দিন ধরেই ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করে একই দাবি জানিয়ে আসছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন,“হাই কোর্ট তো বাংলাদেশের জাতীয় স্বার্থের বাইরে কিছু নিশ্চয় ভাববে না। হাই কোর্টে যারা রায় দিয়েছেন, তারা তো ভেবেচিন্তেই রায় দিয়েছেন। যেখানে বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে, কোর্টের আদেশ যেটা সেটা তো মেনে চলা উচিত। আমি আন্দোলনকারীদের আহ্বান করব তারা আন্দোলন থেকে বিরত থাকবেন। আদালতের আদেশ মেনে নিয়ে তারা আন্দোলন থেকে বিরত থাকবেন।”

ভোটের তারিখ পেছানোর আন্দোলনে ছাত্রলীগ নেতাদেরও দেখা যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, “ছাত্রলীগের যারা হিন্দু সম্প্রদায়ের আছে, তাদের অনেকেই যেতে পারে। সেটা তো অসম্ভব কিছু না।”

নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করেছে, তখন পূজার বিষয়টি বিবেচনা করা উচিত ছিল কিনা- এ প্রশ্নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, “সেটা নিশ্চয় তাদের বিবেচনা করা উচিত ছিল। আর তাদের বিবেচনার ভেতর কোন ফাঁক-ফোকর আছে কিনা সেটা দেখার বিষয় ছিল আদালতের।

“আদালত তো এখানে একটা নির্দেশ অলরেডি দিয়েছে। রিট খারিজ করার মানেই হল নির্বাচন কমিশন যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ওটাই ঠিক আছে।”

নির্বাচন কমিশন সরকারি ক্যালেন্ডারে পূজার ছুটির তারিখ ধরে ভোটের তারিখ ঠিক করার কথা জানিয়েছে। সেক্ষেত্রে সরকারি ক্যালেন্ডারে ভুল রয়েছে কি না- এমন প্রশ্নে কাদের বলেন, “ভুল ছিল এটা তো আমি এখন বলতে পারি না। ভুল থাকলে আদালতের তো দেখা উচিত, যে এখানে ভুল আছে।

“ধর্মীয়ভাবে যারা সংক্ষুব্ধ হয়েছে, আমি তাদের অনুরোধ করব, আদালতের আদেশ মেনে অনেক প্রত্যাশিত সিটি কর্পোরেশন নির্বাচনে তারাও অংশগ্রহণ করবেন। তারাও ভোট উৎসবে যোগ দেবেন, এটাই আমি আশা করি।”

নির্বাচনে বিএনপির প্রার্থীদের তোলা ‘হামলা-মামলার’ অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, “হামলা-মামলার অভিযোগ তো আমাদের প্রার্থীরাও কোথাও কোথাও করছে। এখন তো নির্বাচন কমিশনই আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ন্ত্রণ করবে। বিষয়টি নির্বাচন কমিশনের দেখা উচিত।”

দুই দলের প্রার্থীরাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করছে, এক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে কিনা প্রশ্ন করলে কাদের বলেন, “আমি ব্যর্থ কথাটা বলব না। আমি মনে করি নির্বাচন কমিশনের আরও কঠোর হওয়া উচিত। আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো প্রতিবন্ধকতা আছে বলে মনে করি না। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।”

ঢাকার দুই সিটির কাউন্সিলর পদে আওয়ামী লীগের অনেকে দলের মতের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ওবায়ুদল কাদের বলেন, “এ ব্যাপারে একটা সিদ্ধান্ত তো আসবেই।”

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় যেহেতু শেষ হয়ে গেছে, সেখানে আর কী করার আছে- এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন,“ আমি সংবাদ সম্মেলন করে বললাম যে আমি আর নির্বাচনে থাকছি না। তাহলে তো প্রত্যাহার হয়ে গেল। ইলেক্টেবল ও উইনেবল কি না- আমাদের দেখার বিষয় আছে। সেটা দেখেও আমরা অনেককে মনোনয়ন দিয়েছি।”

একটি মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বিচার ‍শুরু হয়েছে, এটি আগে বা পরে হতে পারত কিনা- এমন প্রশ্নে ওবায়ুদর কাদের বলেন, “আইন তো তার নিজস্ব গতিতে চলবে। এখানে আগে-পরের বিষয় নয়। বিষয়টি হয়ত ম্যাচিউর হয়ে গেছে, সেই কারণে এই সময়ে…। এটা দুদকের বিষয়, দুদক চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন।”

পুরনো খবর:

ধর্ষককে ‘ক্রসফয়ারের’ দাবি সংসদে
দুদকের মামলায় ইশরাকের বিচার শুরুর আদেশ