ঢাবি ছাত্রী ধর্ষণ: ‘জবানবন্দি দিতে’ আদালতে মজনু
ঢাকার কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে তাকে ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের খাস কামরায় নিয়ে যাওয়া হয় বলে সংশ্লিষ্ট আদালতের এক কর্মকর্তা জানান।
ক্যান্টনমেন্ট থানার ধর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত শেষের আগের দিন তদন্ত কর্মকর্তা আবু সিদ্দিক আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদন মঞ্জুরের পর তাকে খাস কামরায় নেওয়া হয়।
এঘটনায় গত ১০ জানুয়ারি ধর্ষিত ওই ছাত্রী ঢাকার মহানগর হাকিম ইয়াসমিন আরার কাছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেন। বিচারক ২৮ জানুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী গত ৫ জানুয়ারি সন্ধ্যায় শ্যাওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নেমে ধর্ষিত হন। ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা ঘটনার দিন রাতেই ক্যান্টনম্যান্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
যাচাই-বাছাই শেষে পরদিন অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলায় অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়।
তিন দিনের মাথায় ৩০ বছর বয়সী মজনুকে গ্রেপ্তার করে র্যাব বলে, ওই ছাত্রী তাকে ধর্ষক হিসেবে শনাক্ত করেছেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ‘মাদকাসক্ত’ মজনু স্ত্রীর মৃত্যুর পর বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। জিজ্ঞাসাবাদে মজনু পেশা হিসেবে দিনমজুরি ও হকারির কথা বললেও তিনি ‘ছিনতাই, রাহাজানি, চুরির মতো কাজেও’ জড়িত ছিলেন।
র্যাব কর্মকর্তারা বলছে, মজনু ‘সিরিয়াল রেপিস্ট’। তিনি বিভিন্ন সময় প্রতিবন্ধী, ভিক্ষুক নারীদের ধর্ষণ করেন।
