২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে পোশাক শ্রমিকদের অবরোধে যানজট

ঢাকার শ্যামলীতে একটি পোশাক কারখানার কর্মীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে দুই ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2020, 12:16 PM

Updated : 08 Apr 2022, 12:13 AM

শ্যামলীর ডায়নামিক গার্মেন্টস নামের ওই কারখানার শ্রমিকদের এই বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত মিরপুর রোডের বড় একটি অংশে যান চলাচল বন্ধ থাকে বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার বিজয় কুমার তালুকদার জানান।

স্থানীয়রা জানান, ওই কারখানার কয়েকশ শ্রমিক সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে রাস্তা বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে যানজট ছড়িয়ে পড়ে কলেজ গেইট থেকে আসাদগেইট পর্যন্ত।

আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ে; দুর্ভোগে পড়তে হয় চলতি পথের যাত্রীদের। ওই সড়কে বেশ কয়েকটি হাসপাতাল থাকায় রোগী এবং স্বজনরা বিপাকে পড়েন।

পুলিশ কর্মকর্তা বিজয় কুমার তালুকদার বলেন, তারা শ্রমিকদের বোঝানোর পাশাপাশি মালিকপক্ষ ও বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বেলা সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে সরে যায়। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।