কামরাঙ্গীরচরের ধর্ষণের প্রধান আসামির দোষ স্বীকার
ঢাকার কামরাঙ্গীরচরে কিশোরী ধর্ষণের প্রধান আসামি রতন দোষ স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে রতন (১৮) বন্ধুদের নিয়ে ধর্ষণের পরিকল্পনা করা ও সংঘটিত ঘটনা সবিস্তারে বর্ণনা করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার পরিদর্শক শিকদার মুহিতুল আলম।
বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচরের রসুলপুরে ধর্ষণের ওই ঘটনার পর শনিবার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রতনকে।
তার আগেই গ্রেপ্তার হন রতনের চার বন্ধু হাসান, সিফাত, সবুজ ও রনি। তাদের পাশাপাশি ধর্ষিত কিশোরীর এক বান্ধবীকেও গ্রেপ্তার করা হয়।
এই ছয়জনের বিরুদ্ধেই মামলা করেন ধর্ষিতের মা; তাতে অভিযোগ করা হয়, রতনসহ পাঁচজন ধর্ষণ করেন তার মেয়েকে, আর অন্য কিশোরী তার মেয়েকে সেখানে নিয়ে ধর্ষণে সহযোগিতা করেন।
হাসান, সিফাত ও সবুজ শনিবারই আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়। তাদের সঙ্গে গ্রেপ্তার কিশোরীকেও পাঠানো হয় কারাগারে। গ্রেপ্তার অন্যজন রনিকে পাঠানো হয় একদিনের রিমান্ডে।
র্যাবের হাতে গ্রেপ্তার রতনকে রোববার ঢাকার আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মুহিতুল।
মহানগর হাকিম মিল্লাত হোসেন তার খাসকামরায় ১৬৪ ধারার আসামি রতনের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন হাকিম।
মুহিতুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে রতন আদালতে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ধর্ষণের পরিকল্পনা ও ঘটনাসহ সবিস্তার বর্ণনা করেছে।”
বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচরের রসুলপুরে নির্মাণাধীন একটি ভবনে ১৩ বছরের ওই মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করেন পাঁচজন।
ধর্ষিত কিশোরী ও আসামিদের সবাই ওই এলাকার বস্তির বাসিন্দা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রতন ওই কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা আঁটেন বলে অভিযোগ উঠেছে।
মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানিয়েছেন, মেয়েটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
