খালেদের স্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ
ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার স্ত্রীসহ পরিবারের তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।
খালেদের স্ত্রী সুরাইয়া আক্তারের সঙ্গে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন খালেদের ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া এবং আরেক ভাই হাসান মাহমুদের স্ত্রী মানসুরা ইয়াসমিন।
গত ২ জানুয়ারি তাদেরকে তলব করে নোটিস দিয়েছিল দুদক।
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছিলেন খালেদ মাহমুদ ভূঁইয়া, যার সঙ্গে সুসম্পর্ক ছিল দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের। ক্যাসিনোকাণ্ডে সম্রাটও গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ থেকে বহিষ্কৃত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতাদের কর্মকাণ্ড নিয়ে উষ্মা প্রকাশের পর গত সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকায় বিভিন্ন ক্রীড়া ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অবৈধ ক্যাসিনো ধরা পড়ে। তখন সম্রাট ও খালেদের নাম ব্যাপকভাবে আলোচনায় আসে।
১৮ সেপ্টেম্বর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো পাওয়ার পর তা পরিচালনায় জড়িত হিসেবে গুলশানের বাসা থেকে র্যাব গ্রেপ্তার করে খালেদকে।
গত ২১ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খালেদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।
সেপ্টেম্বরে ওই শুদ্ধি অভিযান শুরুর পর এই দুই যুবলীগ নেতা ছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এখন পর্যন্ত ১৯টি মামলা করেছে দুদক।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এসব অনুসন্ধান করছেন।
এই দলের অপর সদস্যরা হলেন- দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
