২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্রাট-খালেদের স্ত্রীদের ডেকেছে দুদক

যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের স্ত্রীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 09:35 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের সই করা নোটিশে আগামী ১২ ও ১৩ জানুয়ারি তাদেরকে দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

Image
যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া

যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া

সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে ১৩ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে। আর খালেদের স্ত্রী সুরাইয়া আক্তার, ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া এবং আরেক ভাই হাসান মাহমুদের স্ত্রী মানসুরা ইয়াসমিনকে ১২ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে।

জিজ্ঞাসাবাদের দিন তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও তিন বছরের আয়কর রিটার্নের নথিপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট, তার সহযোগী খালেদ মাহমুদ ভূঁইয়া ছিলেন সংগঠনটির ওই শাখার সাংগঠনিক সম্পাদক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতাদের কর্মকাণ্ড নিয়ে উষ্মা প্রকাশের পর গত সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকায় বিভিন্ন ক্রীড়া ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ক্যাসিনো চালানোর ধরা পড়ে। এ সময় সম্রাট ও খালেদের নাম ব্যাপকভাবে আলোচনায় আসে।

১৮ সেপ্টেম্বর র‌্যাবের প্রথম অভিযান হয় ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে; সেখান থেকে ক্যাসিনোর সরঞ্জাম, জুয়ার কয়েক লাখ টাকা এবং শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। ওই দিনই গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় খালেদ মাহমুদ ভূঁইয়াকে।

এরপর আরও বেশ কয়েকটি ক্লাবে অভিযানে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি সেগুলোতে সম্রাটের সংশ্লিষ্টতার অভিযোগ আসতে থাকে। কয়েক দিন পর যুবলীগের প্রভাবশালী এই নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে গত ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা করেন।

তার আগে গত ২১ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খালেদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।

সেপ্টেম্বরে ওই শুদ্ধি অভিযান শুরুর পর এই দুই যুবলীগ নেতা ছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এখন পর্যন্ত ১৯টি মামলা করেছে দুদক। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এসব অনুসন্ধান করছেন।

এই দলের অপর সদস্যরা হলেন- দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।