২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে কিশোরী ধর্ষণে তিনজনের ‘দোষ স্বীকার’

ঢাকার কামরাঙ্গীরচরে দলবেঁধে এক কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2020, 10:32 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

এরা হলেন- হাসান, সিফাত ও সবুজ।

ঢাকার মহানগর হাকিম মিল্লাত হোসেন শনিবার নিজের খাসকামরায় তাদের জবানবন্দি গ্রহণ করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন জানিয়েছেন।

শুক্রবার রাতে ওই তিনজনের সঙ্গে গ্রেপ্তার রনিকেও একই আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার পরিদর্শক শিকদার মোহিতুল আলম। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে হিরন জানান।

রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইজীবী বলেন, “ধর্ষণ সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়েছে। সে কারণে তাদের কঠোরভাবে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া জরুরি। রিমান্ডে না নেওয়া হবে অবিচার।”

বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচরের রসুলপুরের একটি নির্মাণাধীন ভবনে ধরে নিয়ে ১৩ বছরের মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে পাঁচ বন্ধু, যাদের সবার বয়স ১৮ বছর।

মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার এক বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

কামরাঙ্গীরচরে ধর্ষণের পলাতক আসামিকেও গ্রেপ্তার  

শুক্রবার দুপুরে মেয়েটির মা কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করার পর রাতেই হাসান, সিফাত, সবুজ ও রনি এবং ধর্ষিতার সমবয়সী ওই বান্ধবীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের আবেদনে সাড়া দিয়ে ওই মেয়েটিকে (বান্ধবী) কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

ধর্ষিত কিশোরী ও আসামিদের সবাই ওই এলাকার বস্তির বাসিন্দা।

আইনজীবী হিরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তিনজন মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

“স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা বলেছে, মেয়েটিকে তার ওই বান্ধবী রসুলপুরের বাসার কাছে একটি নির্মাণাধীন ভবনের সামনে ডেকে নিয়ে যায়। তখন আগে থেকে সেখানে অবস্থান নেওয়া তারা পাঁচ বন্ধু মিলে তাকে ধরে দোতালায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।”

এই মামলার একমাত্র পলাতক আসামি রতনকে শনিবার সকালে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের লালবাগ ক্যাম্পের কমান্ডার মেজর মো. আনিসুজ্জামান বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বন্ধুদের নিয়ে রতন ওই কিশোরীকে ধর্ষণ করে।

ওই কিশোরী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানিয়েছেন।