ফার্মগেইটে মটরসাইকেলে বাসের ধাক্কায় শিশু নিহত
রাজধানীর ফার্মগেইটে পেছন থেকে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে ফার্মগেটের আগে তেজগাঁও থানার পাশে কাজী নজরুল ইসলাম সড়কে এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মারজানা (১০) গাজীপুরের একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা মিজানুর রহমান স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ।
তেজগাঁও থানার ওসি শামীম আল রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজানুর গাজীপুর থেকে মেয়েকে নিয়ে মটরসাইকেলে করে ফার্মগেইটে এক স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
বাসটির চালক জনতার রোষের মধ্যে পড়ে থানায় আত্মসমর্পণ করে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজিমপুর থেকে গুলশান হয়ে কুড়িল বিশ্বরোডে চলাচলকারী বাসটিকেও আটক করা হয়েছে বলে তিনি জানান।
