২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষণগণনা শুরুর অপেক্ষা পুরনো বিমানবন্দরে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর অনুষ্ঠানে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2020, 04:18 PM

Updated : 10 Oct 2022, 06:53 PM

পুরনো খবর:

স্মরণে জনকের ফেরার দিন
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
মুজিববর্ষে যত আয়োজন
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ: দেশজুড়ে বসবে ৮৩ ‘কাউন্টডাউন ক্লক’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নিবন্ধিতদের জন্য দুপুরের পর থেকেই উন্মুক্ত করে দেওয়া হয় অনুষ্ঠানস্থলের নির্ধারিত প্রবেশ পথগুলো। সবাইকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী জানিয়েছিলেন, প্রায় দুই হাজার আমন্ত্রিত অতিথির বাইরে ১০ থেকে ১২ হাজার সাধারণ নাগরিককে নিবন্ধনের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব ও ফয়সাল আতিক জানান, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ বেলা ২টা থেকেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে শুরু করে।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি কামাল হোসেন এবং বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীও উপস্থিত হয়েছেন ক্ষণগণনার অনুষ্ঠানে।

 

সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের অভ্যূদয় হলেও তখনও পাকিস্তানে বন্দি ছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন সদ্য স্বাধীন দেশের মানুষ।

চাপের মুখে পাকিস্তান সরকার মুক্তি দিলে যুদ্ধে বিজয়ের ২৪ দিন পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি নিজের স্বপ্নের স্বাধীন দেশে পা রাখেন জাতির জনক শেখ মুজিবুর রহমান।

কাঙ্ক্ষিত সেই মানুষটির বাংলার মাটিতে পা রাখার মধ্য দিয়েই সেদিন বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।

তখন থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে এলেও ৪৮ বছর পর এবার আয়োজনে ভিন্ন আঙ্গিক নিয়ে এসেছে ‘মুজিববর্ষ’।

বেঁচে থাকলে এই বছরই ১০০ বছর পূর্ণ করতেন জাতির জনক;  আর তাই তার জন্মশতবার্ষিকী ঘটা করে উদযাপনের যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ, তার ক্ষণগণনা শুরু হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে।

১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর শুরু হয় বর্বর হামলা।   

১০ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরার পর লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নিয়ে যায়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, বেলা সাড়ে চারটায় অনুষ্ঠানস্থলে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৪টা ৩৫ মিনিটে পুরাতন বিমানবন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তণের প্রতীকী বিমান (সি-১৩০জে) অবতরণ করানো হবে।

পাকিস্তানের কারগার থেকে মুক্তি পাওয়ার দুই দিন পর লন্ডন থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি অপরাহ্নে তেজগাঁওয়ের বিমানবন্দরে পৌঁছান বঙ্গবন্ধু।

অনুষ্ঠানসুচি অনুযায়ী, অবতরণের পর বিমানটি টারমাকে পৌঁছানোর পর দরজা খোলার সঙ্গে সঙ্গে ২১ বার তোপধ্বনি দেওয়া হবে।

বিমানের দরজা খোলা হলে স্কুলের ছাত্রছাত্রীসহ ১৫০ জন স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবেন। লেজার লাইটের মাধ্যমে দরজার কাছে আলোকিত করা হবে এবং আলোটি ধীরে ধীরে সিড়ি দিয়ে নেমে লাল গালিচার মাথায় এসে থেমে যাবে।

বঙ্গবন্ধু যে আলোকবর্তিকা হয়ে সেদিন দেশে ফিরেছিলেন, তারই প্রতীকী উপস্থাপনা হবে এ অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পর মুজিববর্ষের লোগো উন্মোচন ও ক্ষণগণণার উদ্বোধন করবেন। দেশের ১২ সিটি করপোরেশনে ২৮টি স্পটে, ৫৩ জেলায় ও দুটি উপজেলা মিলিয়ে মোট ৮৩টি জায়গায় ইতোমধ্যে কাউন্টডাউন ক্লক বসানো হয়েছে।

এই ক্ষণ গণনা শেষে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সূচনা হবে মুজিববর্ষের বছরব্যাপী অনুষ্ঠানের; বছরজুড়ে চলবে সেই আয়োজন। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও নানা আয়োজন থাকবে।