২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে ধন্যবাদ দিল ঢাবির সেই শিক্ষার্থীর পরিবার

দুঃসময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের শিকার শিক্ষার্থীর পরিবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2020, 08:22 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতাল ছাড়ার আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই শিক্ষার্থীর বাবা।

পরীক্ষার প্রস্তুতি নিতে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থী গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে ধর্ষণের শিকার হন। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেছিলেন, “ওই শিক্ষার্থী স্বাভাবিকভাবেই কিছুটা মানসিক ট্রমায় আছেন। তবে কিছু সময় কাটালে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন।”

ওই তরুণীর গলা, হাত, গালসহ শরীরের বিভিন্ন অংশে ধর্ষণকারীর আঘাতের চিহ্ন ছিল।

বৃহস্পতিবার ছাড়পত্র দেওয়ার কথা জানিয়ে নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের চেয়ে শিক্ষার্থীর শারীরিক অবস্থা অনেক উন্নত এবং মনোবলও উন্নত হয়েছে। সবদিক বিবেচনা করে ডাক্তার তাকে ছাড়পত্র দিয়েছেন।”

ধর্ষণের এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছিলেন শিক্ষার্থীর বাবা। এই ঘটনা নিয়ে সর্বত্র বিক্ষোভ দেখা দেয়। সহপাঠির সাথে সংঘটিত এই অপরাধের প্রতিবাদে এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এর মধ্যেই বুধবার ভোরে মজনু নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এই যুবককে ধর্ষণকারী হিসেবে ওই শিক্ষার্থী শনাক্ত করেছেন বলে র‌্যাব জানায়।

পুরনো খবর:

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মিলেছে: চিকিৎসক
ধর্ষণে গ্রেপ্তার যুবকের কাছে ঢাবি ছাত্রীর মোবাইল ফোন
ধর্ষক গ্রেপ্তার হয়েছে, এবার শাস্তি দিন: বিক্ষোভ থেকে দাবি