ধর্ষক গ্রেপ্তার হয়েছে, এবার শাস্তি দিন: বিক্ষোভ থেকে দাবি
সহপাঠিকে ধর্ষণকারী গ্রেপ্তারের পর এবার তার শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ধর্ষণের ঘটনার পর ক্যাম্পাসে বুধবার টানা তৃতীয় দিনের বিক্ষোভের মধ্যে রাজু ভাস্কর্য চত্বরে সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সকাল বিক্ষোভ শুরুর পরপরই খবর আসে র্যাবের অভিযানে ধরা পড়েছেন ধর্ষণকারী।
ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, “আমরা জেনেছি ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এমন দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে আর কোনো বোন ধর্ষণের শিকার না হয়, এই ধর্ষণই যাতে শেষ ধর্ষণের ঘটনা হয়।”
সম্প্রতি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে সারাদেশে ধর্ষণের ঘটনা আগের বছরের তুলনায় বেড়ে দ্বিগুণ হয়েছে।
নারীর এই নিরাপত্তাহীনতা নিয়ে সরকারের উদ্দেশে প্রশ্ন তোলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়া আক্তার বলেন, “আজকে আমরা নারীরা সন্ধ্যা হলেই রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারি না। আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, নারীদের স্বাধীনতা ছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা কি সম্ভব?”
ধর্ষণের শিকার নারীকে নানা ভাবে হেয় করার প্রবণতার কঠোর সমালোচনা করেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা আনজুম অর্ণি।
তিনি বলেন, “আমাদের দেশে একটি প্রবণতা হল কে ধর্ষণ করছে, সেটার চেয়ে কে ধর্ষণের শিকার হয়েছে, তার পরিচয় জানার জন্য উন্মুখ হয়ে থাকে।
“সেটা ভিকটিমের জন্য এক প্রকার মানসিক ধর্ষণ। যারা ভিকটিমের পোশাক, চালচলন ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলে তারা প্রত্যেকেই ধর্ষক।’’
কুয়েত মৈত্রী হল সংসদের সদস্য ফারজানা মিম বলেন, “আমরা চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দিয়ে আপনারা দ্বিতীয় ধর্ষণের হাত থেকে আমাদের রক্ষা করেন।”
প্রতিটি ধর্ষণের বিচারের দাবি জানান আরেক শিক্ষার্থী মোসাহিদ আলী।
তিনি বলেন, “আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে মিডিয়া কাভারেজ থেকে শুরু করে সর্বোচ্চ আইনি সহায়তা পাচ্ছি।
“বাংলাদেশের গ্রামেগঞ্জে প্রতিনিয়ত অসংখ্য মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু কোনো জাতীয় দৈনিকেও এসব কাভারেজ পায় না। আমরা চাই সারা বাংলাদেশে রুট লেভেল থেকে ধর্ষণ নির্মূল হোক।’’
ধর্ষণ ও নিপীড়নবিরোধী পদযাত্রা নিয়ে এসে রাজু ভাস্কর্য প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ পোস্ট ফ্রেন্ডস ফোরাম। ধর্ষকের সবোর্চ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করে অতন্দ্র বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
