নারীদের চলাচল নিরাপদ করব: তাপস
কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্ষোভ-বিক্ষোভের মধ্যে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার ঢাকার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় নিজের এই প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
একই প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামও।
তিনি মঙ্গলবার মহাখালীর তিতুমীর কলেজ ছাত্রলীগের ধর্ষণবিরোধী এক মানববন্ধনে একাত্মতা জানি য়ে বলেন, “ঢাকা শহরে নারীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য আমি সবকিছু উজাড় করে কাজ করতে চাই। এই শহরকে নারীবান্ধব আলোকিত নগরে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করছি।”
তাপস বলেন, “আজকে যখন দেখি একটি বোন ধর্ষিত হয়েছে, তখন আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আমরা নিরাপদ সমাজ ব্যবস্থা তৈরি করব, যাতে আমাদের মা-বোনেরা নিরাপদে চলতে পারে।”
পুরান ঢাকার পঞ্চায়েত ব্যবস্থা ফিরিয়ে এনে মাদকসহ অন্য সামাজিক সমস্যা নির্মূলে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
তাপস বলেন, “পঞ্চায়েত ব্যবস্থা মূলত এলাকার সবচেয়ে জ্ঞানী ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত হয়ে থাকে। যাদের প্রধান কাজ ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করে চলা।
“এখনও পুরান ঢাকার কিছু এলাকায় এই ব্যবস্থা আছে, তবে এর কর্মকাণ্ড একেবারেই সীমিত। এ কমিটিগুলো আগের মতো সালিশ বিচার না করলেও তারা শুধু সমাজসেবামূলক কাজ করে থাকে।”
ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ, প্রবীণদের জন্য পার্ক ও হাঁটার পথের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। গণপরিবহনকে ব্যবস্থাকে পুনর্বিন্যাসের উপর জোর দেন তিনি।
নাগরিক সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে সিটি করপোরেশন দিনের ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন, বছরের ৩৬৫ দিন কাজ করবে বলে জানান তিনি।
“মশা নিধন আমরা প্রথম দিন থেকে শুরু করব,” বলেন তাপস।
তিনি আরও বলেন, “আমার রাস্তা আমি নির্মাণ করার পর অন্তত তিন বছর রাস্তা নষ্ট করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে, তিন মাসের মধ্যে রাস্তা কেটে নষ্ট করে দেয়। এভাবে রাস্তা নষ্ট করা যাবে না।”
যুবলীগকে তার ঐতিহ্য ফেরাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে তাপস।
শেখ মনির আরেক ছেলে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিলও সভায় বক্তব্য রাখেন।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, “এটা শুধু মামুলি নির্বাচন নয়, রাজনৈতিক যুদ্ধ।
“যদিও আমরা লক্ষ্য করছি, বিএনপি এরই মধ্যে পরাজয় বরণ করেছে। ভোটের আগে তারা বলে বেড়াচ্ছে কারচুপির কথা। ভোটের আগে তারা ইভিএমের কথা বলছে। কারণ তারা জানে, তারা নিশ্চিত পরাজয় বরণ করবে।”
তবে প্রতিপক্ষকে দুর্বল না ভেবে ভোটে জিনতে নগরবাসীর মন জয় করার উপর জোর দেন প্রবীণ এই রাজনীতিক।
