২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশকোনা অভিযান: তদন্ত প্রতিবেদন ১৮ ফেব্রুয়ারি

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 12:36 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

মঙ্গলবার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ১৮ ফেব্রুয়ারি নতুন তারিখ ঠিক করে দেন।

২০১৬ সালের ২৪ ডিসেম্বর আশকোনা এলাকার ‘সূর্য ভিলা’ নামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ওই বাড়িতে অভিযানে দুজন নিহত হন। তাদের একজন আজিমপুরে নিহত জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী, অন্যজন পলাতক জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী শাকিরা ওরফে তাহিরা। এছাড়া আহত হন শাকিরার শিশুকন্যা। আত্মসমর্পণ করেন দুই নারী।

আশকোনার ওই ঘটনায় দক্ষিণখান থানার উপ-পরিদর্শক এসআই শাহিনুল ইসলাম বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- পলাতক জঙ্গি মাইনুল ইসলাম ওরফে আবু মুসা, তার স্ত্রী তৃষা মনি ওরফে উম্মে আয়েশা, মিরপুরে নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন, জঙ্গি রাশেদুর রহমান সুমন, তার স্ত্রী শাকিরা ওরফে তাহিরা এবং আফিফ কাদেরী ওরফে আদর এবং মো. সেলিম ও মো. ফিরোজ।