ছাত্রী ধর্ষণের এলাকাতেও বিক্ষোভে ঢাবি শিক্ষার্থীরা
রাজধানীর যে এলাকায় রোববার ধর্ষণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, সেখানে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী।
ধর্ষণের প্রতিবাদে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভের মধ্যে বিকাল সাড়ে ৩টা থেকে পৌনে এক ঘণ্টা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
গাজীপুর রুটে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসের শিক্ষার্থীরা ওই বিক্ষোভে যোগ দেন। ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় বিকাল সোয়া চারটার দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
রোববার রাতে এক বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলায় বাস থেকে নামা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষোভ শুরু হয় ক্যাম্পাসে।
সোমবার সকাল থেকে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে উত্তাল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ধর্ষকদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর ধর্ষণের শিকার ছাত্রী যাতে ন্যায়বিচার পান, সেজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ছাত্রীটির স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসাধীন।
