২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা সেতু সংলগ্ন নদী থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ

বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়া তিতাস নদীর ত্রিমুখী শেখ হাসিনা সেতু রক্ষায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 09:28 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

এ সেতু রক্ষায় বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।

সেই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে সেতু সংলগ্ন নদীর অংশ থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

বিষয়টি নজরে আসার পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রোববার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার গত বছরের ২৫ ডিসেম্বর ‘ঝুঁকিতে শেখ হাসিনা সেতু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। আইনজীবী কুমার দেবুল দে রোববার প্রতিবেদনটি আদালতের নজরে আনেন। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ ও রুল দেয়।

সড়ক ও সেতু সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক, বাঞ্ছারামপুর থানার নির্বাহী কর্মকর্তা, ওসি ও বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনা উপজেলার তিতাস নদীতে দেশের প্রথম ত্রিমুখী সেতু ‘শেখ হাসিনা সেতুর’ উদ্বোধন হয় ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তা উদ্বোধন করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, সাইদুল ইসলাম নামে এক ঠিকাদার সেতুর নিচ থেকে বালু উত্তোলন করছেন। তাতে সেতুটি ঝুঁকির মধ্যে পড়ছে।

পুরনো খবর:

তিস্তা ও তিতাসের ওপর দুই সেতুর উদ্বোধন