হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকার যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত ও দুই যুবক আহত হয়েছেন।
নিহত যুবকের নাম রনি (২৫); আহতরা হলেন শোভন (২৩) ও শামীম (২৪)।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন যুবককে শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালে আনলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
বাহকের বরাত দিয়ে তিনি বলেন, মোটরসাইকেলের থাকা তারা তিনজন বন্ধু। যাত্রাবাড়ী আদর্শ স্কুলরোড এলাকায় তাদের বাসা।
রাতে হানিফ ফ্লাইওভারের শনিআখড়া কাজলা টোল প্লাজার সামনে তাদের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল থাকা তিন বন্ধু আহত হন।
শামীমকে হাসপাতালের আইসিইউতে আর উন্নত চিকিৎসার জন্য শোভনকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।
