২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে নার্সের আত্মহত্যার চেষ্টা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স কর্তব্যরত অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2019, 11:00 AM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

তিনি বলেন, “সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ওই নারী এইচডিইউতে ডিউটিতে ছিলেন। কাজের মধ্যেই তিনি ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে।”

বাচ্চু মিয়া বলেন, ওই নার্সকে আইসিইউতে রাখা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি। তবে সহকর্মীরা বলেছেন, ওই ঘটনার আগে তাকে মোবাইল ফোনে কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলতে দেখা গিয়েছিল।