ঢাকায় আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে আগাম প্রচারের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাত ১২টার পর কোনো প্রার্থীর প্রচার সামগ্রী পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন রেখে এই দুই সিটি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রচার শুরু করা যাবে প্রতীক বরাদ্দের পর।
ইসির নির্দেশনায় বলা হয়, সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করতে হবে।
সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে এসব অপসারণ করতে হবে।
এই নির্দেশনা অমান্য করলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। চাইলে প্রার্থিতাও বাতিল করতে পারে ইসি।
মেয়র পদে ৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে বৃহস্পতিবার পর্যন্ত ৮ জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন। দুই সিটিতে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ১৬০৮ জন।
ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির তাবিথ আউয়াল ও আওয়ামী লীগের সালাউদ্দিন মাহমুদসহ ৫ জনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বাকিরা হচ্ছেন- গণফ্রন্টের কাজী শহীদুল্লাহ, জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম, স্বতন্ত্র শাহীন আক্তার আইরিন।
ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের হাজি মো. সেলিম, বিএনপির ইশরাক হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের আখতারুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপির মনোনয়ন ক্ষমতা ফখরুলের হাতে
ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষমতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে থাকছে।
বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ইসিকে এ বিষয়ে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন চিঠি দিয়ে সব দলের কাছে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানতে চেয়েছিল।
