২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরদের উপর হামলা: তথ্য-প্রমাণ চেয়েছে তদন্ত কমিটি

ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূর ও তার সঙ্গীদের উপর হামলার ঘটনা তদন্তে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য প্রমাণ চেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 11:08 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

গত ২২ ডিসেম্বর ওই হামলার পর ব্যাপক সমালোচনার মধ্যে পরদিন ছয় সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে তদন্ত শেষ করতে ছয় দিন সময় দেওয়া হয়েছে।

ওই সময়ের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য প্রমাণ দেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ঘটনা সম্পর্কে তথ্য দিতে আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে ঘটনার বিবরণসহ (প্রমাণ যদি থাকে) আগামী ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখ বেলা ২টার মধ্যে লিখিতভাবে তথ্য প্রদানকারীর নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বরসহ তদন্ত কমিটির আহবায়ক ও ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তরে সংরক্ষিত বক্সে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

তথ্যদাতার নাম-ঠিকানা গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে রোববার হামলার শিকার হন ভিপি নুরুল হক নূর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে রোববার হামলার শিকার হন ভিপি নুরুল হক নূর।

ওই দিন মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন এবং ছাত্রলীগের একদল নেতা-কর্মী ডাকসু ভবনে ঢুকে ভিপি নূর ও তার সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের বেদম পেটায়।

হামলায় আহত ২৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। নূরসহ পাঁচজন এখনও হাসপাতালে ভর্তি আছেন।

হামলাকারীরা যাওয়ার সময় ডাকসু ভবনের সিসি ক্যামেরার ধারণ করা চিত্র যে কম্পিউটারে থাকে, তার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের আসামি করে একটি মামলা করে। পরে নূর আলাদা অভিযোগ দাখিল করেন, তাতে ছাত্রলীগ নেতাদেরও আসামি করা হয়।

অন্যদিকে বুধবার এক ছাত্রলীগ নেতা নূরদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।

পুরনো খবর:

ডাকসু ভবনে ভিপি নূরের উপর হামলা
নূরদের ওপর হামলার ঘটনা তদন্তে ঢাবির কমিটি
ডাকসু ভবনের সিসিটিভি ফুটেজ উদ্ধারে পুলিশের সহায়তা চেয়েছেন ভিসি