২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জি কে শামীমের প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীসহ ৩ জনকে দুদকে তলব

গ্রেপ্তার ঠিকাদার জি কে শামীমের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 04:57 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বৃহস্পতিবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পৃথক নোটিসে আগামী ৫ জানুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে তাদেরকে হাজির হতে বলা হয়েছে বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।
যাদেরকে তলব করা হয়েছে তারা হলেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঈনুল ইসলাম, পদ্মা অ্যাসোসিয়োটস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ঠিকাদার মিনারুল চাকলাদার এবং কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম।
তাদেরকে পাঠানো নোটিসে বলা হয়, “ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের আপনার অধীনস্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।”
গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১৯টি মামলা করেছে দুদক।
ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১৮৭ জনের তালিকা ধরে দুদক অনুসন্ধান করছে বলে সম্প্রতি এক অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন।