২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইএইচএস হাসপাতালে ‘বিধি বহির্ভূত’ চাকরিচ্যুতির অভিযোগ

ডায়াবেটিক সমিতির অধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্সেস- বিআইএইচএস জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্সসহ প্রায় ২০০ কর্মীকে ‘বিধি বহির্ভূতভাবে’ চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2019, 04:28 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চাকরিচ্যুতদের পক্ষে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আব্দুল মজিদ ভূঁইয়ার ‘স্বেচ্ছাচারিতায়’ তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া এসএমএসে দেওয়া জবাবে অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “যারা সংবাদ সম্মেলন করেছেন তারা তাদের অভিযাগের বিষয়ে সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির কাছে আবেদন করেছিল, যা সেখানে প্রত্যাখ্যাত হয়েছে। এছাড়া তারা এই বিষয়ে আদালতে মামলা করেছি, তাও নিষ্পত্তি হয়ে গেছে।”

সংবাদ সম্মেলনে বিআইএইচএস হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের চাকরিচ্যুত চিকিৎসক এম মোয়াজ্জেম হোসেন লিখিত বক্তব্যে বলেন, “কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আকস্মিক নোটিসে আমাদের চাকরি থেকে অপসারণ করেছে। কোনো কোনো ক্ষেত্রে চাকরি হতে অব্যাহতি নিতে বাধ্য করেছে।

“হাসপাতালের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত অযৌক্তিক, অমানবিক এবং বিধি বহির্ভূতভাবে পর্যায়ক্রমে প্রায় ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে। এদের মধ্যে অনেকেরই চাকরিকাল ২০ থেকে ২২ বছর।”

২০১৭ সালে এ হাসপাতালে পরিচালক হিসেবে মো. আব্দুল মজিদ ভূঁইয়া যোগ দেওয়ার পর থেকেই তার স্বেচ্ছাচারিতায় প্রতিষ্ঠানটির ওইসব চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ করেন ডা. মোয়াজ্জেম।

“বর্তমান পরিচালক প্রতিষ্ঠানটিকে একান্ত ব্যক্তিগত বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করছেন। এমনকি বর্তমান পরিচালক বিগত ম্যানেজমেন্টের নিয়োগকৃত পুরাতন সকল কর্মীদের অপসারণ করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। স্বেচ্ছাচারী পরিচালক তার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য অত্যন্ত অমানবিক, অযৌক্তিক, অপরিপক্ক ও খামখেয়ালিভাবে তার এজেন্ডা বায়স্তবায়ন করে চলেছেন,” লিখিত বক্তব্যে বলেন তিনি।

পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদকের আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে সমিতির কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে মোয়াজ্জেম হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া পরিচালকের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের আগে একটা গ্রুপ আদালতে গিয়েছে, সেখানে এই বিষয়ে মামলা চলমান। আমাদেরকে আরও পরে চাকরিচ্যুত করা হয়েছে। পরিচালক যা বলছেন তা মিথ্যা কথা।”

তিনি বলেন, “আমাদের একমাত্র অবলম্বন চাকরিতে পুনর্বহাল ও সকল কর্মীদের স্বার্থ রক্ষার বিবেচনায় শ্রম আইন ও সংবিধানের মৌলিক ধারা অনুসণপূর্বক শ্রমিকবান্ধব সাংবিধানিক সার্ভিস গাইডলাইন প্রণয়নের ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।”

সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত হওয়া হাসপাতলের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, জুনিয়র কর্মকর্তা আবুল কাশেম খান, কনসালটেন্ট (ফিজিওথেরাপি) মো. তৌফিক ইমামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।