নূরদের অবস্থা উন্নতির দিকে
হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
ডাকসু ভবনে হামলায় আহতদের মধ্যে নূরসহ পাঁচজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেডিকেল বোর্ডের সভার পর হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “ভিপি নূরসহ ভতি ৫ জনের সবার অবস্থাই আগের চেয়ে ভালো, কেউই সঙ্কটাপন্ন অবস্থায় নেই।”
হাসপাতালে চিকিৎসাধীন বাকি চারজন হলেন- সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবী, ফারুক হোসেন, এপিএম সোহেল ও আমিনুর ইসলাম।
নাসির উদ্দিন জানান, আইসিইউতে থাকা তুহিন ফারাবীকে কেবিনে নেওয়া হচ্ছে। সোহেলকে আরও কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণে রাখতে হবে।
তিনি বলেন, “সোহেলকে সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষার উপদেশ দিয়েছি। তিনি অর্থোপেডিকস বিভাগের অধীনে থাকবেন। অন্যদিকে ফারুকেরও সিটি-স্ক্যানসহ আরও কয়েকটি পরীক্ষা দিয়েছি। তার কানে সমস্যা ছিল। তাকে আরও দুদিন রাখব। আরেকটু উন্নতি হলে তারপর ছাড়ব। আমিনুর ইসলামেরও কিছু টেস্টের অ্যাডভাইস দিয়েছি। তিনি নিউরোসার্জারি বিভাগের অধীনে ভর্তি থাকবেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে রোববার হামলার শিকার হন ভিপি নুরুল হক নূর।
ভিপি নুরের বিষয়ে নাসির উদ্দিন বলেন, “সার্বিকভাবে ভালো আছেন। দু’চারটি জায়গায় সমস্যা আছে। কাঁধে, হাতে আগের ইনজুরির ব্যথা আছে। তারও এক্সরেসহ আরও কিছু টেস্ট করব।”
“সব মিলিয়ে আহতদের কেউ সঙ্কটাপন্ন অবস্থায় নেই। দু’একদিন পর মেডিকেল বোর্ড আবার বসবে। তখন তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন নাসির।
ফারাবীকে বিকালে আইসিইউ থেকে হাসপাতালের পুরাতন ভবনের তিনতলার কেবিনে নেওয়া হয়।
রাতে সোহেলের মাথার অস্ত্রোপচার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর উপপরিচালক ডা. আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, “বিকালে তার মাথার একটি সিটিস্ক্যান করা হয়। প্রতিবেদন পাওয়ার পর রাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন সে ভালো আছে, তাকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।”
গত রোববার ডাকসু ভবনে ভিপি নূরের কক্ষে ঢুকে তাকেসহ তার সঙ্গীদের ব্যাপক মারধর করে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী।
হামলার পর আহত ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিনই ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জনের মধ্যে নয়জন ছাড়া পান সোমবার। বাকি পাঁচজন এখনও রয়েছেন হাসপাতালে।
