২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরদের জন্য ঢাকা মেডিকেলে চিকিৎসা বোর্ড

হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নূরসহ অন্যদের চিকিৎসার জন্য বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 09:47 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

রোববারের ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের এক দল নেতা-কর্মীর হামলায় আহত নূরসহ পাঁচজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সোমবার সাংবাদিকদের জানান, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রাজিউল হককে প্রধান করে নয় সদস্যের বোর্ড গঠন করা হয়েছে নূরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য।

মঙ্গলবার সকালে বোর্ড বৈঠকে বসবে এবং আহতদের দেখে সে অনুযায়ী চিকিৎসা দেবে বলে জানান তিনি।

হাসপাতালে এখন পাঁচজন ভর্তি আছেন জানিয়ে নাসির উদ্দিন বলেন, তারা সবাই শঙ্কামুক্ত।

ডাকসু ভবনে রোববার হামলার পর আহত ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিনই ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জনের মধ্যে নয়জন ছাড়া পান সোমবার।

আহতদের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবীকে রোববার আইসিইউতে রাখা হলেও অবস্থার উন্নতি ঘটায় তাকে চিকিৎসকদের পরামর্শে ওয়ার্ডে ফিরিয়ে আনা হচ্ছে।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে রোববার হামলার শিকার হন ভিপি নুরুল হক নূর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে রোববার হামলার শিকার হন ভিপি নুরুল হক নূর।

হাসপাতালে এখন চিকিৎসাধীন বাকি চারজন হলেন- ভিপি নুরুল হক নূর, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ফারুক হোসেন, এপিএম সোহেল ও আমিনুর।

পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারাবীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তবে তার ইনজুরি এখনও অনেক। অনেক সেলাই দিতে হয়েছে।

“নূর এখন মোটামুটি সুস্থ আছে। আর সোহেল, আমিনুল আগের চেয়ে ভালো, তবে তাদেরও শরীরের বিভিন্ন জায়গায় সেলাই লেগেছে।”

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরের উপর হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও রোববার রাতে হাসপাতালে নূরকে দেখে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীও নূরদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

হাসপাতালে গিয়ে নূরের সমর্থকদের তোপের মুখে পড়তে হয় আওয়ামী লীগ নেতা, উপাচার্য ও প্রক্টরকে। নূরের সমর্থকরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও তুলেছে।

পুরনো খবর:

ডাকসু ভবনে ভিপি নূরের উপর হামলা
নূরকে দেখতে হাসপাতালে নানক, ‘বর্বর ঘটনার’ বিচারের আশ্বাস
ফারাবীর অবস্থার উন্নতি, হাসপাতালে এখন ৫ জন