২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় হচ্ছে বাংলাদেশের নতুন কনস্যুলেট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 05:08 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই কনস্যুলেট স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “কূটনৈতিক স্বার্থ বিবেচনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন অংশীদার। এজন্য ফ্লোরিডায় একটি কনস্যুলেট জেনারেল অফিস করা প্রয়োজন।”

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তিনটি কূটনৈতিক মিশন রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওয়াশিংটন ডিসিতে দূতাবাস এবং নিউ ইর্য়ক ও লস অ্যাঞ্জেলসে কনস্যুলেট অফিস আছে।

“৫০টি অঙ্গরাজ্যের দেশ যুক্তরাষ্ট্র, সেজন্য এই তিন জায়গা থেকে প্রতিনিধিত্ব করা অনেক ডিফিকাল্ট। ফরেন মিনিস্ট্রি চিন্তাভাবনা করেছে যদি ফ্লোরিডায় কনস্যুলেট করা হয় তবে আমাদের জন্য সুবিধা হবে। সেখানে অনেক দেশের কনস্যুলেট অফিস আছে, সেক্ষেত্রে অনেক দেশের সঙ্গে একটি ডিপ্লোম্যাটিক টাই ওখানে হবে।”

৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ফ্লোরিডায় বাস করছে জানিয়ে আনোয়ারুল বলেন, ফ্লোরিডায় বিভিন্ন দেশের ৮১টি কনস্যুলেট অফিস আছে। আর ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার দূরত্ব ১৫০০ কিলোমিটার।

“আশা করা হচ্ছে, এই কনস্যুলেট জেনারেল অফিস হলে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে এবং আমাদের অনেক সুবিধা হবে।”