কেরানীগঞ্জে দগ্ধ সোহানও বাঁচলো না
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুনে দগ্ধ সোহানকেও বাঁচানো গেল না।
ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান ১৯ বছর বয়সী ওই তরুণ।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, সোহানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢাকা কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বুধবার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা পরে হাসপাতালে মারা যান।
সামন্ত লাল সেন জানান, কেরানীগঞ্জে দগ্ধ আরও ১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তাদের মধ্যে আটজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে। আর মফিজ (৪৫), সিরাজুল (১৯), সোহাগ (২৫) ও ফিরোজকে (৩৯) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
কেরানীগঞ্জের প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুনে পুড়ে যাওয়া মেশিনারি। ছবি: মাহমুদ জামান অভি
কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ঢাকা) আহমেদ বেলাল জানিয়েছেন, প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওই কারখানাটি ছিল অবৈধ।
“নব্বই দিনের মধ্যে কারখানার প্রবেশপথের সংখ্যা বাড়ানোর শর্তে তারা ফায়ার সার্ভিসের অনুমতি নিয়েছিল, কিন্তু মালিকপক্ষ তা করেনি। ওই কারখানায় ঢোকা ও বের হওয়ার একটি মাত্র পথ।”
এ বছর কারখানাটি পরিদর্শনের পর গত ৫ নভেম্বর মালিকের বিরুদ্ধে নোটিস জারি করে মামলাও হয়েছিল বলে জানান তিনি।
