সেনাপ্রধানের সঙ্গে ‘দুর্দিনের বন্ধু’ ভারত-রাশিয়ার সাবেক সৈন্যদের সাক্ষাৎ
সেনাপ্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধা ও যুদ্ধ পরবর্তী সহায়তাকারী রাশিয়ার নৌ বাহিনীর সদস্যরা।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৬ জন যোদ্ধা এবং স্বাধীনতা যুদ্ধ পরবর্তী কর্ণফুলী চ্যানেলে মাইন অপসারণে সহায়তাকারী রাশিয়ার পাঁচজন নৌ সদস্য এদিন সেনাপ্রধানের সাথে ঢাকা সেনানিবাসের সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ভারত এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) ভূয়সী প্রশংসা করেছেন।
সেনাপ্রধান ছাড়াও ভারত ও রাশিয়ার এই দলটি ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেনের সঙ্গে নৌ সদরদপ্তরের সাগরিকা হলে এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে তেজগাঁওয়ে বিমান বাহিনীর ফ্যালকন হলে সাক্ষাৎ করেন। এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়।
সেনাপ্রধান বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্ব এবং সে দেশের জনগণের যে সহযোগিতা ছিল, তার কারণেই বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল।”
যুদ্ধকালীন সময় এবং নতুন বাংলাদেশ গড়তে রাশিয়ার সহায়তার প্রশংসা করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সহায়তা প্রদানকারী পাঁচজনসহ ছয় সদস্যের রাশিয়ার বিশেষ প্রতিনিধি দল গত ১৪ ডিসেম্বর এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ২৬ জন যোদ্ধাসহ ৫৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন।
বিজয় দিবস উপলক্ষে আসা এই প্রতিনিধি দল দুটি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও রাষ্ট্রপতির সাথে বঙ্গবভনে সৌজন্য সাক্ষাৎ করেন।
