যারা স্বাধীনতাবিরোধী নন, তাদের নাম ‘বাদ যাবে’ তালিকা থেকে
একাত্তরে ‘প্রকৃতপক্ষে’ স্বাধীনতাবিরোধী ছিলেন না, এমন কারো নাম সরকারের প্রকাশিত স্বাধীনতাবিরোধীদের তালিকায় এসে থাকলে তা বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধীদের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ব্যাখ্যা তুলে ধরে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, “গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যেভাবে তালিকা পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে।
“অভিযোগ পাওয়া গেছে, এ তালিকায় বেশ কিছু নাম এসেছে যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি বা স্বাধীনতাবিরোধী নন বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কীভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
“প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারও নাম এসে থাকে, আবেদনের প্রেক্ষিতে যাচাই অন্তে তার/তাদের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই অনিচ্ছকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।”
সরকারের হাতে থাকা নথির তথ্য-উপাত্তের ভিত্তিতে ‘স্বাধীনতাবিরোধী; হিসেবে ওই ১০ হাজার ৭৮৯ জনের প্রথম তালিকা গত ১৫ ডিসেম্বর প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রোববার তার মন্ত্রণালয়ে একাত্তরের স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ রাজাকারের প্রথম তালিকা প্রকাশ করেন। ছবি: মাহমুদ জামান অভি
মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, কিছু ভুলের অভিযোগ এলেও রাজাকারের ওই তালিকা বিতর্কিত হয়েছে তা বলা যাবে না।
“অভিযোগ যেহেতু এসেছে... বিতর্কিত হয়ে গেল- এটা বলা যাবে না। এটা দেখতে হবে সংখ্যাটা কতজন? আমার মনে হয়,আমি যতটুকু খবর পাচ্ছি;বরিশাল বিভাগ সম্পর্কেই অভিযোগগুলো পাচ্ছি।”
একজন সাংবাদিক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ভুলের জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিৎ বলে কেউ কেউ দাবি করেছেন।
ক্ষমা চাইবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “দুঃখ প্রকাশ করার অর্থ যদি আপনি না বোঝেন… আমি কী এটা করেছি? এটা যদি আপনি চ্যালেঞ্জ করেন,তাহলে এসে দেখে যান রেকর্ড।
“আমরা অতন্ত বিনয়ের সাথে যেটা বলছি, সেখানেই থাকেন। তালিকা আমরা তৈরি করি নাই। জাতির দাবি ছিল, তাই প্রকাশ করেছি। আমি স্বতঃপ্রণোদিত হয়ে করি নাই।”
