২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের কার্যালয়ে মামলা দায়েরের বৈধতা নিয়ে হাই কোর্টের রুল

থানার পরিবর্তে দুদক কার্যালয়ে এজাহার গ্রহণ করার নিয়ম কেন বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 02:32 PM

Updated : 08 Apr 2022, 05:12 PM

এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান ও আইনজীবী  মমতাজ পারভীন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংসদ সচিবালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক ও দুদক সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মমতাজ পারভীন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি দমন কমিশন বিধিমালার ১(২)(ঘঘ)(ছ), ৪, ৯ (ক), ১০ নম্বর বিধি ও ফরম-২খ কেন বেআইনি ঘোষণা করা হবে না- সে মর্মে রুল চাওয়া হয়েছিল রিটে।

শুনানি করে আদালত দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ (সংশোধনী ২০১৯) এর ১(২)(ঘঘ), ৪, নম্বর বিধি ও ফরম-২খ কেন বেআইনি ঘোষণা করা হবে না- সেই মর্মে রুল জারি করেছে।

দুদক নিজেই মামলা করার ক্ষমতা সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ সংশোধন করে গত ২০ জুন গেজেট জারি করে।

ওই বিধিমালার ৪ নম্বর বিধিতে বলা হয়েছে, “এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন আইনের তফসিলে উল্লিখিত কোনো অপরাধ সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়েরের ক্ষেত্রে কোনো বাধা থাকিবে না, তবে সংশ্লিষ্ট থানা উক্ত অভিযোগটি প্রাপ্তির পর উহা রেজিস্ট্রিারভুক্ত করিয়া অনধিক দুই কার্যদিবসের মধ্যে আইন অনুযায়ী তদন্তকার্য পরিচালনার জন্য উহা কমিশনবহির্ভূত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে নিকটস্থ জেলা কার্যালয়ে এবং কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে কমিশন বরাবরে প্রেরণ করিবে।”

আর ১০ নম্বর বিধিতে দুদককে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে।

ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে পরে গত ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস ও নওশীন নাওয়াল রিট আবেদনটি করেন।

সেদিন সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেছিলেন, দুদকের সংশোধিত বিধিমালার ওই বিধি সংবিধানের ৩১, ৬৫ (১) অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার ‘পরিপন্থি’।

“সংশোধিত এই বিধিমালার মাধ্যমে ফৌজদারি কার্যবিধিতে একজন নাগরিককে দেওয়া ক্ষমতা খর্ব করা হয়েছে। সাধারণ মানুষের মামলা করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।”

সুবীর নন্দি দাসের ভাষ্য, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তির অভিযোগ থানা রেকর্ড করতে ‘বাধ্য’। কিন্তু দুদকের ওই বিধিমালার কারণে এখন আর থানা দুর্নীতির বিষয়ে অভিযোগ বা সরাসরি মামলা রেকর্ড করতে পারছে না। কোনো অভিযোগ শুধু সাধারণ (জিডি) হিসেবে গ্রহণ করতে পারবে থানা। পরে সে অভিযোগ (জিডি) থানা পাঠিয়ে দেয় দুদকে। সে জিডির ভিত্তিতে দুদক চাইলে অনুসন্ধান বা তদন্ত করে মামলা করে।

পুরনো খবর:

দুদকের কার্যালয়ে মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ