হত্যা মামলার এজাহার বদলে নাখোশ উচ্চ আদালতের আইজিপির কাছে প্রত্যাশা
রাজশাহীর পুঠিয়া থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার এজাহার বদলের প্রমাণ পেয়ে এই বাহিনীর ভাবমূর্তি রক্ষায় পুলিশ প্রধানের ভূমিকা প্রত্যাশা করেছে উচ্চ আদালত।
মুক্তিযুদ্ধ ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশের যে গৌরব তা দেশেরও গৌরব এবং গুটিকয়েক পুলিশ কর্মকর্তা বা সদস্যের অন্যায়, বেআইনি আচরণ, অপরাধের কারণে এই গৌরব ম্লান হতে দেওয়া যাবে না বলে অভিমত দিয়েছে আদালত।
পুঠিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহার বদলে দেওয়ার ঘটনায় করা এক রিট আবেদনের রায়ে একথা বলেছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রোববার রিটটি নিষ্পত্তি করে রায় দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও অমিত তালুকদার। দুদকের পক্ষে ছিলেন শাহীন আহমেদ।
রায়ে বলা হয়েছে, “আমরা দৈনন্দিন বিচারকাজ পরিচালনা করতে গিয়ে ইদানিং প্রায়ই লক্ষ করছি, দেশের বিভিন্ন স্থানে পুলিশ কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে এবং এসব বিষয়ে ভুক্তভোগীরা পুলিশের মহাপরিদর্শকের কাছে অভিযোগও করেছেন। কিন্তু অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না।
“মুক্তিযুদ্ধ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, উন্নয়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ পুলিশ যে অনবদ্য ভূমিকা রেখে চলেছে, তার গৌরব শুধু পুলিশ বাহিনীর নয়, এ গৌরব সমগ্র জাতির। কিন্তু এ গৌরব গুটিকয়েক পুলিশ কর্মকর্তা বা সদস্যের অন্যায়, বেআইনি আচরণ, অপরাধের কারণে ম্লান হতে দেওয়া যাবে না।
“সে কারণে আদালত প্রত্যাশা করে, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে ওই অভিযোগ দ্রুততার সাথে বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”
এ প্রত্যাশা বিবেচনায় নিয়ে পুলিশের মহাপরিদর্শক এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ‘আইজিপি কমপ্লেইন্টস মনিটরিং সেল’র কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করবেন প্রত্যাশা জানিয়েছে আদালত।
গত ২২ জুলাই ‘এজাহার বদলে দিলেন ওসি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
পুঠিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানার ওই রিটের পর ১৬ সেপ্টেম্বর ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদের এজাহার বদলে দেওয়ার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। একই সঙ্গে রুলও জারি করে।
ওই আদেশের পর রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম ঘটনা তদন্ত করে হাই কোর্টে প্রতিবেদন দেন। গত ২৭ নভেম্বর ওই প্রতিবেদন ও জারি করা রুলের ওপর শুনানি শেষে আদালত রোববার রায়ের জন্য রাখে।
ওসি সাকিলের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
রায়ে শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় এজাহার বদলে দেওয়ার ঘটনায় পুঠিয়ার তৎকালীন ওসি সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।
আদালত বলেছে, রাজশাহীর মুখ্য বিচারিক হাকিমের অনুসন্ধান প্রতিবেদন ও সাক্ষিদের সাক্ষ্য থেকে এটা প্রাথমিকভাবে স্পষ্ট যে, শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় তার মেয়ে নিগার সুলতানার আটজনকে দায়ী করে পাঠানো এজাহারটি গ্রহণ না করে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহমেদ নিগার সুলতানাকে থানায় ডেকে জব্দ তালিকা, সুরতহাল প্রতিবেদনসহ কিছু সাদা কাগজে সই করিয়ে নেন।
পরবর্তীতে ওই সাদা কাগজে এজাহার টাইপ করে তা নথিভুক্ত করা হয়। নিগার সুলতানার পাঠানো এজাহারের বর্ণনার সাথে এ এজাহারের বর্ণনার মধ্যে অসঙ্গতি রয়েছে।
“থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নিঃসন্দেহে গুরুতর, যা দণ্ডবিধির ১৬৬ ও ১৬৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।”
দণ্ডবিধির ওই ধারা দুটি দুদক আইনেও তফসিলভুক্ত হওয়ায় রাজশাহীর মুখ্য বিচারিক হাকিমকে তার অনুসন্ধানী প্রতিবেদন এবং এ সংক্রান্ত নথি দুদকে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
প্রতিবেদন পাওয়ার পর দুদককে আইন ও বিধি অনুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়, “সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে নুরুল ইসলামের মেয়ে, তার অধীনস্ত পুলিশসদস্যসহ একাধিক ব্যক্তি, এমনকি তার শাশুড়িও বিভিন্ন অভিযোগ তুলেছেন। তারা এসব অভিযোগের প্রতিকার চেয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছেও লিখিত আবেদন করেছেন।
“সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের দ্রুত তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হল।”
শিশুর ছবি-তথ্য প্রচার
শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার এক শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে প্রকাশ করায় রায়ে উষ্মা প্রকাশ করেছে আদালত।
পাশাপাশি এ বিষয়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি এ ঘটনায় বিভাগীয় অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।
আদালত বলেছে, এ মামলায় গ্রেপ্তার শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গণমাধ্যমে প্রকাশের বিষয়ে রাজশাহী পুলিশ সুপারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু তার দেওয়া ব্যাখ্যায় ওই বিষয়ে সুনির্দিষ্ট, সুস্পষ্ট কিছু উদ্ধার করতে পারেনি আদালত। এমনকি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলও সন্তোষজনক জবাব দিতে পারেননি।
শিশু আইন ২০১৩ এর ২৮ ও ৮১ ধারা উল্লেখ করে রায়ে বলা হয়েছে, “আইনের সাথে সংঘাতে বা আইনের সংস্পর্শে আসা শিশু যে-ই হোক না কেন, স্বার্থের পরিপন্থি শিশুর কোনো ছবি বা তথ্য গণমাধ্যমে বা ইন্টারনেটে প্রকাশ বা প্রচার করা যাবে না; যা দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিশুটিকে শনাক্ত করা যায়।
“গণমাধ্যম বা অন্য কোনো সামাজিক মাধ্যমে এ ধরনের তথ্য প্রচার-প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ।”
রাজশাহী পুলিশের সমালোচনা করে রায়ে বলা হয়েছে, “শিশুটির জবানবন্দি প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমের সামনে প্রকাশ করে রাজশাহীর পুলিশ প্রশাসন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং আইন ভঙ্গ করেছে; তা যে পরিস্থিতি বা বাস্তবতায় দিয়ে থাকুক না কেন।”
এসব বিষয়ে পুলিশকে সচেতন করার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে আদালত বলেছে, “শিশু আইনের উদ্দেশ্যই হল, শিশুদের সর্বোত্তম স্বার্থ সংরক্ষণ করা। এই আইন সম্পর্কে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সচেতনতামূলক ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ প্রয়োজন।”
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি শিশুর জবানবন্দি প্রকাশের বিষয়টিতে বিভাগীয় অনুসন্ধানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় রায়ে।
গত ২২ জুলাই দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘এজাহার বদলে দিলেন ওসি’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়, গত ১১ জুন পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার একটি ইটভাটা থেকে পুঠিয়া উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।
পরে ১৮ জুন জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নুরুল ইসলামের সমকামিতার বদ অভ্যাস ছিল। এলাকার এক কিশোরকে তিনি এ কাজে বাধ্য করতেন। ১০ জুন রাতেও নুরুল ইসলাম ওই কিশোরের সঙ্গে সমকামিতায় লিপ্ত হন। এক পর্যায়ে পড়ে গেলে ওই কিশোর তাকে ইটের আঘাতে হত্যা করে।”
ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে এতে উল্লেখ করে পুলিশ।
