২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই হোসনা ফিরছেন সৌদি আরব থেকে

সৌদি আরবে নির্যাতিত হওয়ার কথা ভিডিও বার্তায় জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসা হবিগঞ্জের হোসনা আক্তার দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2019, 05:53 PM

Updated : 18 Aug 2022, 06:10 PM

বুধবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভির হোসেন।

তিন সপ্তাহ আগে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়েছিলেন হোসনা। সম্প্রতি তিনি স্বামীর কাছে পাঠানো এক ভিডিও বার্তায় সেখানে নির্যাতিত হওয়ার কথা বলে দেশে ফেরার আকুতি জানান তিনি।

তার স্বামী তাদের এক আত্মীয়ের সাহায্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করলে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তা দেখে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাণী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।

সৌদি আরবে জেদ্দা থেকে এক হাজার কিলোমিটার দূরের নাজরান এলাকায় একটি বাড়িতে ছিলেন হোসনা। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশের সেইফ হোমে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি।  

এ বছরের প্রথম ১০ মাসে অন্তত ৯৬১ জন নারী সৌদি থেকে দেশে ফিরে এসেছেন। গৃহকর্মে যাওয়া এই নারীদের বেশিরভাগই নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করছেন তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে।

হোসনার মতোই নাজরান শহরে থাকা গৃহকর্মী পঞ্চগড়ের সুমি আক্তারও ভিডিও বার্তায় তার উপর নির্যাতনের অভিযোগ দেশে জানিয়েছিলেন। পরে গত ১৫ নভেম্বর তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

পুরনো খবর:

সৌদিতে গৃহকর্মী: ফেরার আকুতিতে আরেক ভিডিও বার্তা
ভিডিও বার্তার পর সৌদি আরবে হোসনা এখন ‘নিরাপদে’
সৌদিতে সুমিকে তার মালিক ‘২২ হাজার রিয়ালে বিক্রি’ করে দেন